রকিবুল হত্যার ১২ দিনেও ধরা পড়েনি আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে রকিবুল হাসান (৩৫) নামের এক গ্রাফিকস ডিজাইনারকে হত্যার ঘটনায় ১২ দিনেও এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পল্লবী থানার পুলিশ জানায়, গত ২৪ মে পল্লবীর বাইগারটেকের আজিজ মার্কেটের সামনে দুর্বৃত্তরা রকিবুল হাসানকে বেধড়ক পেটায়। পরদিন তাঁর মৃত্যু হয়। ২৬ মে সন্ধ্যায় রকিবুলের ছোট ভাই সফিকুল হাসান বাদী হয়ে মো. নাঈম নামের এক যুবককে প্রধান আসামি করে মামলা করেন। এতে অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। নাঈম রকিবুলের সাবেক স্ত্রীর বড় ভাই।
সফিকুল অভিযোগ করেন, নাঈম কুর্মিটোলা এলাকায় অবস্থান করছেন বলে তাঁদের কাছে খবর আছে। কিন্তু পুলিশ তাকে ধরতে পারছে না।
গতকাল শুক্রবার রাতে যোগাযোগ করা হলে পল্লবী থানার ওসি দাদন সরকার বলেন, বিয়ের বছর খানেকের মাথায় রকিবুলের সঙ্গে তাঁর স্ত্রীর ছাড়াছাড়ি হয়। এর জের ধরেই রকিবুলের ওপর হামলা চালানো হয়। তিনি বলেন, হামলার ঘটনায় নাঈমের সঙ্গে আরও একজন শনাক্ত হয়েছে। তাকেও গ্রেপ্তারে চেষ্টা চলছে।