রড বোঝাই ট্রাক ছিনতাই
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে রড বোঝাই একটি ট্রাক ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ট্রাকচালকের সহকারী রাজিব হোসেনকে (২২) গুরুতর আহত করে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলমের ভাষ্য, গতকাল দিবাগত রাতে ঢাকা থেকে রড বোঝাই করে একটি ট্রাক মাগুরার দিকে যাচ্ছিল। জোকা এলাকায় পৌঁছালে ১৪-১৫ জন ছিনতাইকারী একটি ট্রাক নিয়ে ওই ট্রাকটির সামনে বাধা সৃষ্টি করে। এরপর ছিনতাইকারীরা চালকের সহকারী রাজিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। চালক অর্পন বাড়ৈকে (৩৮) ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে তাঁর হাত-পা ও কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলে। এরপর সড়কের পাশে তাঁদের ফেলে রডবোঝাই ট্রাকটি নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত রাজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি শওকত আলম বলেন, ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।