রডের আঘাতে নারীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে রডের আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূর নাম বিবি জহুরা (২৫)। পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী নুরুল মোস্তফা, দুই ননদ রুনা আক্তার (২২), জেরিন (২৩) ও শাশুড়ি আম্বিয়া খাতুন (৫৫) পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়। গতকাল শুক্রবার সন্ধ্যায় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত গৃহবধূর ভাই রেজাউল করিম।
পুলিশ সূত্র জানায়, কয়েক বছর আগে মিরসরাই উপজেলার বালিয়াদি এলাকার শফিউল আলমের মেয়ে বিবি জহুরাকে বিয়ে করেন নুরুল মোস্তফা। তাঁদের ঘরে আড়াই বছর ও ছয় মাসের দুটি কন্যাসন্তান রয়েছে। ছয় মাস আগে নুরুল মোস্তফা দ্বিতীয় বিয়ে করে চট্টগ্রাম নগরে বসবাস করছেন। এ নিয়ে জহুরার সঙ্গে স্বামীর কলহ শুরু হয়। তাঁকে বাড়ি ছাড়া করতে দুই ননদ ও শাশুড়ি নির্যাতন করতেন। এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক দফা সালিসও হয়।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব সরকার প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাতে রান্না করছিলেন জহুরা। এ সময় পেছন থেকে কেউ একজন রড দিয়ে তাঁকে আঘাত করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।