রডের বদলে বাঁশ: মামলার তদন্তভার দুদকে
চুয়াডাঙ্গার দর্শনায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ ভবন নির্মাণে অনিয়মের ঘটনায় করা মামলার তদন্তভার দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। দামুড়হুদা আমলি আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবদুল হালিম আজ বুধবার এ আদেশ দেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জ্যেষ্ঠ পর্যবেক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা এবং প্রকল্প পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মেরিনা জেবুন্নাহার বাদী হয়ে ১১ এপ্রিল দামুড়হুদা মডেল থানায় মামলাটি করেন।
দণ্ডবিধির ৪০৬, ৪১৮ ও ৪২৭ ধারায় করা এ মামলার আসামিরা হলেন ভবনটি নির্মাণের দায়িত্ব পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার মণিপুরীপাড়ার জয় ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মনি সিং, পরামর্শক প্রতিষ্ঠান ঢাকা শেওড়াপাড়ার ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের (ইসিএল) ব্যবস্থাপনা পরিচালক আবদুস সাত্তার, প্রকল্পের ক্রয় বিশেষজ্ঞ মো. আইয়ুব হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন।
মামলায় সরকারি কর্মকর্তা আসামি হওয়ায় দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন নতুন করে দণ্ডবিধির ৪০৯ ধারা সংযোজনের জন্য আজ আমলি আদালতে লিখিত আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
একই ঘটনায় আলোচিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে তাঁদের একজনকে বরগুনা এবং অন্যজনকে খাগড়াছড়িতে বদলি করা হয়। ১১ এপ্রিল কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখার উপসচিব মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১২ এপ্রিলের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য বলা হয়। এই দুজন হলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফাইটোস্যানিটারী ক্যাপাসিটি শক্তিশালীকরণ প্রকল্প ও লিয়েনে স্পেশালিস্ট (কনসালট্যান্ট) ফর প্রকিউরমেন্ট অব ল্যাবরেটরি ইকুইপমেন্ট অ্যান্ড ইনস্টলেশনের উপপরিচালক (এলআর) মো. আইয়ুব হোসেন এবং ফাইটোস্যানিটারী ক্যাপাসিটি শক্তিশালীকরণ প্রকল্পে প্রেষণে থাকা প্রকল্প পরিচালক সাদেক ইবনে শামছ। আইয়ুব হোসেনকে বরগুনায় এবং সাদেক ইবনে শামছকে খাগড়াছড়িতে বদলি করা হয়।