রণচণ্ডীতে আজ অনশন, কাল অর্ধদিবস হরতাল
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহের কুপন বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এই সদস্য সংগ্রহ কর্মসূচি বাতিল ও নতুন করে কুপন বিতরণের দাবিতে আজ মঙ্গলবার অনশন ও কাল ইউনিয়নে অর্ধদিবস হরতাল পালনের ডাক দিয়েছেন কুপন না-পাওয়া নেতা-কর্মীরা।
গতকাল সোমবার বিকেলে রণচণ্ডী ইউনিয়নের অবিলের বাজার শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জি এম রুবেলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর আগে তাঁরা অবিলের বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায় ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক পকেট কমিটি গঠনের উদ্দেশ্যে দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে তাঁদের আত্মীয়স্বজন ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে কুপন বিতরণ করেছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঙ্গে যোগসাজশ করে তাঁরা এ কাজ করেছেন। কমিটি গঠনের জন্য প্রতিটি ওয়ার্ডে ১২০টি করে সদস্য সংগ্রহ কুপন দেওয়া হলেও তাঁরা ঘরে বসেই এগুলো তাঁদের স্বজন ও অনুগত ব্যক্তিদের মধ্যে বিতরণ করেছেন। অবিলম্বে এই প্রক্রিয়া বাতিল করে নতুন করে সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করতে হবে।
লিখিত বক্তব্যে বলা হয়, এই দাবি পূরণ না হলে আগামীকাল (আজ) মঙ্গলবার বেলাতিনটায়উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনশন এবং পরদিন বুধবার রণচণ্ডীইউনিয়নে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করা হবে।
ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোজাম্মেল হোসেন বলেন, ‘এই ওয়ার্ডে আমার মাধ্যমে কুপন বিতরণ করার কথা থাকলেও আমাকে না জানিয়ে তাঁরা কুপন বিতরণ করে পকেট কমিটি গঠনের পাঁয়তারা করেছেন। আমি ওই কমিটির সভাপতি হলেও আমাকে সদস্য করা হয়নি।’ একই ধরনের অভিযোগ করেন মুক্তিযোদ্ধা আবদুল গণি, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবর আলীসহ কয়েকজন।
৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, ‘কুপন বিতরণের আগে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জেলা নেতাদের উপস্থিতিতে সভা হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও তিনজনের বেশি নেতা-কর্মীকে নিয়ে কমিটি গঠন করে কুপন বিতরণ করতে হবে। কিন্তু কুপন বিতরণের সময় ওই নিয়ম মানা হয়নি। এ বিষয়ে আমরা উপজেলা, জেলা ও কেন্দ্রে লিখিত অভিযোগ করেছি। আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি এছরারুল হক বলেছিলেন, সবার সঙ্গে বসে সমন্বয় করে কুপন বিতরণ করা হবে। কিন্তু সভাপতিকে বাদ দিয়ে তাঁরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঙ্গে যোগসাজশ করে কুপন বিতরণ করেন।’
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কুপন বিতরণে কোনো অনিয়ম হয়নি। এ ধরনের কোনো অভিযোগও আমি পাইনি। অভিযোগ পেলে বিষয়টি দেখব।’
একই ধরনের অভিযোগে গত ২৫ নভেম্বর উপজেলার মাগুরা ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন দলের কুপন না-পাওয়া নেতা-কর্মীরা।