চার দিনেও রথীশ চন্দ্রের সন্ধান নেই

• রথীশ চন্দ্রের সন্ধান দাবিতে কর্মসূচি পালন।
• প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা।
• চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক।
• এখনো ক্লু বের করা সম্ভব হয়নি।
চার দিনেও সন্ধান পাওয়া যায়নি রংপুরের আইনজীবী ও আওয়ামী লীগ নেতা রথীশ চন্দ্র ভৌমিকের। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।
রথীশ চন্দ্রের সন্ধান দাবিতে গতকাল সোমবারও রাজধানী ঢাকা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। তারা রথীশ চন্দ্রকে অক্ষত অবস্থায় উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে।
আটক চারজন হলেন দেলোয়ার হোসেন, রফিক মিয়া, জিয়ারুল মিয়া ও বাহারুল মিয়া। তাঁদের সবার বাড়ি রংপুর শহরের মাহীগঞ্জ ডিমলা কানন গোটলা এলাকায়। গত রোববার রাতে তাঁদের আটক করা হয়। পুলিশ বলছে, মাহীগঞ্জ ডিমলা এলাকায় অনেক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে রথীশ চন্দ্র অপহরণ হতে পারেন সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এখনো ক্লু বের করা সম্ভব হয়নি।
রথীশ চন্দ্রের সন্ধান চেয়ে হিন্দুধর্মীয় সংগঠন ক্ষত্রিয় সমিতি দুপুরে রংপুর শহরে বিক্ষোভ মিছিল ও রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এর আগে জাতীয় হিন্দু মহাজোট ও সিপিবি-বাসদ একই স্থানে আলাদাভাবে মানববন্ধন করে। আর আদালত চত্বরে মানববন্ধন করে আইনজীবী সহকারী সমিতি।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। কর্মসূচি অনুযায়ী ৭ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা শহর এবং দেশের প্রতিটি বিভাগীয় শহরের প্রধান সড়ক অবরোধ করা হবে। সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশগুপ্ত, ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গোমেজ, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন প্রমুখ উপস্থিত ছিলেন।
রথীশ চন্দ্রকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন পরিষদ ও ছাত্র-যুব ঐক্য পরিষদ। লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর সড়কের পৌরচৌরঙ্গী মোড় সড়কে এ মানববন্ধনে রথীশ চন্দ্রকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। এ ছাড়া লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে।
সিরাজগঞ্জেও মানববন্ধন হয়েছে। পূজা উদ্যাপন পরিষদ শহরের শ্রীশ্রী মহাপ্রভু আখড়া মন্দিরের সামনে এ কর্মসূচি পালন করে।
গত শুক্রবার সকালে রংপুর শহরের তাজহাট বাবুপাড়ার নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি রথীশ চন্দ্র।
রথীশ চন্দ্র ভৌমিকের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন। অবিলম্বে রথীশকে খুঁজে বের করে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে তারা। গতকাল এক বিবৃতিতে তারা বলেছে, পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার কারণে বিশেষ মহল নীলনকশা করে রথীশকে অপহরণ করেছে। দেশের স্থিতিশীলতা ও অগ্রযাত্রার বিরোধীরা ঘোলা পানিতে মাছ শিকার করে তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে চায়। এ ধরনের ঘটনা যেমন সাধারণের মধ্যে আতঙ্ক ছড়াবে, তেমনি দেশে আইনের শাসনের সংকট ঘনীভূত করবে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও রংপুর এবং প্রতিনিধি, লালমনিরহাট ও সিরাজগঞ্জ।