রপ্তানি সুবিধায় কাঁচামাল এনে বিক্রি, পণ্য জব্দ
রপ্তানির জন্য শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল (ডুপ্লেক্স বোর্ড) এনে তা খোলা বাজারে বিক্রির চেষ্টা করেছে একটি প্রতিষ্ঠান। গত মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের ফৌজদার সড়কের বাইপাস এলাকা থেকে এ রকম একটি চালান জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানে ডুপ্লেক্স বোর্ড বোঝাই একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের তাজ এক্সেসরিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান শুল্কমুক্ত সুবিধায় ডুপ্লেক্স বোর্ড আমদানি করে।
নিয়মানুযায়ী এই বোর্ড দিয়ে কার্টন তৈরি করার কথা, যা তৈরি পোশাক রপ্তানিতে ব্যবহৃত হয়। কিন্তু তা না করে প্রতিষ্ঠানটি ঢাকার জিন্দাবাহর লেইনে অবস্থিত অন্য একটি প্রতিষ্ঠানের কাছে এসব ডুপ্লেক্স বোর্ড বিক্রি করে দেয়। বন্ড সুবিধার অপব্যবহারের কারণে কোটি টাকা মূল্যমানের এসব পণ্য জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুল্ক কর্মকর্তারা বলেন, ডুপ্লেক্স বোর্ড দিয়ে কার্টন তৈরি হয়। এ ধরনের কার্টনে ভরে তৈরি পোশাক রপ্তানি করা হয়। তৈরি পোশাক রপ্তানির এসব সরঞ্জাম প্রস্তুত করার জন্য অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্ত সুবিধায় নির্ধারিত পরিমাণ কাঁচামাল আমদানি করার সুযোগ পায়। তবে শর্ত থাকে, কাঁচামাল ব্যবহার করে তৈরি করা পণ্য রপ্তানির কাজে ব্যবহার হতে হবে।