রপ্তানির আড়ালে ৫২ হাজার ডলার পাচারের চেষ্টা
মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে দুটি কনটেইনার ভর্তি পোশাকের চালানটি জাহাজে তুলে দিলেই দেশ থেকে পাচার হয়ে যেত ৫২ হাজার মার্কিন ডলার বা ৪২ লাখ টাকা।
চালানটি রপ্তানির জন্য গত রোববার শুল্কায়ন প্রক্রিয়া শেষ করে কাস্টমস কর্তৃপক্ষ। তবে তার আগেই শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দাদের জালে ধরা পড়ে চালানটি। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের বেসরকারি ডিপো এছাক ব্রাদার্স লিমিটেডের চত্বর থেকে চালানটি জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সোনালী ব্যাংকের নথিপত্র জাল করে ফিলিপাইনের ম্যানিলায় ডিএমডি বুটিকের ঠিকানায় চালানটি পাঠাচ্ছিল ঢাকার মিরপুরের সেনপাড়ার এসএম ডিজাইন নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দুটি কনটেইনারে ৫২ হাজার ৮৩৪ মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানির ঘোষণা দিয়েছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, রপ্তানির জন্য ব্যাংকের দলিলপত্র জাল করায় রপ্তানির টাকা ব্যাংকিং চ্যানেলে দেশে আসত না। অর্থাৎ এই টাকা পাচার হয়ে যেত। চালানের টাকা ম্যানিলায় পরিশোধ হতো। এটি বড় ধরনের জালিয়াতি। প্রতিষ্ঠানটি
গত তিন বছরে ৯১টি চালান রপ্তানি করেছে। সেসব চালানের নথিপত্র খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জাকির হোসেন বলেন, চালানটি জব্দ করার পর শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা রপ্তানিকারক এসএম ডিজাইনের ঠিকানায় গিয়ে দেখতে পান যে সেখানে আবাসিক ভবন রয়েছে।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দর থেকে এক কিলোমিটার দূরে এছাক ব্রাদার্সের ডিপোতে পোশাকের চালানটি কনটেইনারে বোঝাই হয়। নিয়মানুযায়ী, শেষ ধাপে এটি ডিপো থেকে বন্দর দিয়ে জাহাজে তুলে দেওয়া হতো।