ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলামের করা মামলায় নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি গতকাল বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেন। নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মেহেদী হাসান তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রফিউর রাব্বি গতকাল বেলা সাড়ে ১১টার দিকে একদল আইনজীবীর সঙ্গে আদালতে যান। এ সময় হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে ও বারান্দায় তাঁর বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।আদালত শুনানি শেষে দুপুর ১২টার দিকে রাব্বির জামিন আবেদন মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৪ জুন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির অভিযোগ এনে গত ১৯ এপ্রিল হেফাজতে ইসলামের জেলা শাখার সমন্বয়ক ফেরদাউসুর রহমান বাদী হয়ে আদালতে এই মামলা করেন। আদালত ৭ মে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার তদন্তকারী সংস্থা সুস্পষ্ট কোনো বক্তব্য ছাড়া প্রতিবেদন দাখিল করলে আদালত তদন্তকারী কর্মকর্তাকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে ১৪ মে শুনানির দিন ধার্য করেন। ওই দিন শুনানি শেষে আদালত সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে গতকাল আদালতে উপস্থিতির জন্য রফিউর রাব্বির প্রতি সমন জারি করেন।
রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, ‘আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হাজির হয়েছি। কিন্তু আদালতপাড়ার দুটি প্রবেশপথেই হেফাজত ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। তা নিরপেক্ষ বিচারব্যবস্থার জন্য হুমকি।’ তিনি মনে করেন, একজন সাংসদের নির্দেশে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে এই মামলা করা হয়েছে। ছেলে ত্বকী হত্যার বিচার চাওয়া থেকে বিরত রাখতেই এই মিথ্যা মামলা করা হয়েছে। কিন্তু মিথ্যা মামলা দায়ের করে নারায়ণগঞ্জে সন্ত্রাস, খুন, চাঁদাবাজি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রতিবাদ থামানো যাবে না।
রফিউর রাব্বি গত ১৯ এপ্রিল শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছরপূর্তি উপলক্ষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। ওই বক্তব্যের সূত্র ধরেই তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়।
আইনজীবী মাহবুবুর রহমান বলেন, রফিউর রাব্বী ওই দিন ধর্মবিরোধী কোনো বক্তব্য দেননি। রাষ্ট্রের মূলনীতি সম্পর্কে সাংবিধানিক যে বিষয় ছিল, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে কী কী বিষয় সাংঘর্ষিক, সেগুলো তুলে ধরে বক্তব্য দিয়েছিলেন। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি।
আইনজীবী আওলাদ হোসেন বলেন, আইন সবার জন্য সমান। বিচারাধীন একটি বিষয়ে বাদীপক্ষ আদালত প্রাঙ্গণে মিছিল করেছে, বিবাদীর ফাঁসি চেয়ে স্লোগান দিয়েছে। বিবাদীকে আদালতে আসতে বাধা দিয়েছে। এটি আইনবিরোধী কাজ।
মামলার বাদী ফেরদাউসুর রহমান বলেন, এটি ধর্মীয় স্পর্শকাতর বিষয়। তাই নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়েছেন। রফিউর রাব্বিকে দেখার পর নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে কিছু স্লোগান দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রথম আলোকে বলেন, আদালত এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।