রফিউর রাব্বির জিব কেটে নেওয়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বির জিব কেটে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আজমেরী ওসমানের সমর্থকেরা।
গতকাল বুধবার বিকেলে নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নারায়ণগঞ্জের সচেতন জনগণ’-এর ব্যানারে আজমেরী ওসমানের সমর্থকেরা ওই সমাবেশে এ ঘোষণা দেন। এর আগে তাঁরা রফিউর রাব্বির চারটি কুশপুত্তলিকা দাহ করেন। সমাবেশ ও মিছিলে না থাকলেও আজমেরী ওসমান শহীদ মিনারের পাশে এসে তাঁর অনুগত ক্যাডারদের সঙ্গে দেখা করেন।
বক্তারা বলেন, ঐতিহ্যবাহী ওসমান পরিবারের কর্ণধার আজমেরী ওসমানকে নিয়ে রফিউর রাব্বি যেসব বক্তব্য দিচ্ছেন, তাতে করে আবারও শান্ত নারায়ণগঞ্জ উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এভাবে বারবার আজমেরী ওসমানকে বিতর্কিত করার চেষ্টা করলে সচেতন মানুষ ঘরে বসে থাকবে না। প্রয়োজনে বিক্ষুব্ধ জনতা রাব্বির জিব কেটে নেবে।’ বক্তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীরও কঠোর সমালোচনা করেন।
সমাবেশে বক্তারা বলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমান, বর্তমান সাংসদ সেলিম ওসমান ও শামীম ওসমানের পর ভবিষ্যৎ সাংসদ হবেন আজমেরী ওসমান। এতেই অনেকে বিব্রত আর তাই এই পরিবারের বিরুদ্ধে তাঁরা ষড়যন্ত্র করতে মাঠে নেমেছেন। আর এরই অংশ হিসেবে তাঁরা প্রথম টার্গেট করেছেন আজমেরী ওসমানকে। তাই তাঁকে সরাতেই রাব্বি বিশেষ মিশন নিয়ে মাঠে নেমেছেন। বক্তারা আরও বলেন, ‘আজমেরী ওসমান ডাক দিলে নারায়ণগঞ্জবাসী ঝাঁপিয়ে পড়বে, তাই আমরা আগে থেকেই রাব্বিকে হুঁশিয়ার করে দিচ্ছি। আপনার এই কথায় যদি নারায়ণগঞ্জে আবারও অশান্তির সৃষ্টি হয়, তবে এর সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। তাই অবিলম্বে আপনাকে আপনার বক্তব্য প্রত্যাহার করে নারায়ণগঞ্জবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।’
এর আগে শহরের কলেজ রোড থেকে রফিউর রাব্বির গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজমেরী ওসমানের সমর্থকদের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চাষাঢ়া হয়ে প্রেসক্লাবসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাঢ়া শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশ শুরুর আগে রফিউর রাব্বির কুশপুত্তলিকা দাহ করেন আজমেরী ওসমানের সমর্থকেরা।
সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী খানপুরের আকতার নূর (কয়েক মাস আগে বিএনপি-জামায়াতের সংঘটিত নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাবরণ করে জামিনে মুক্ত), জাপা নেতা রাজা হোসেন রাজু, চঞ্চল মাহমুদ, সুমন, নাসির, আরাফাত, এস এম জিল্লুর রহমান, আলাউদ্দিন, জাহাঙ্গীর, মো. ইরান, তানজিল, শাহজাহান সাজু, সিরাজ প্রমুখ।
৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যাকাণ্ডের ৩৫ মাস পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে রফিউর রাব্বি বলেছিলেন, ওসমান পরিবার যে খুনি পরিবার, এটি ত্বকী হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সারা দেশের মানুষ জানে। একটি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শেষ করে আনুষ্ঠানিকভাবে খুনি আজমেরী ওসমানের নাম প্রকাশ করলেও এখন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তে বেরিয়ে এসেছে, আজমেরী ওসমানের টর্চার সেলে তাঁর উপস্থিতিতে ত্বকীকে হত্যা করা হয়েছে।