রফিউর রাব্বির জিহ্বা ছিঁড়ে ফেলার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে নিহত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির জিহ্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল ওরফে ভিপি বাদল।

গতকাল শনিবার দুপুরে নগরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে তিনি এই হুমকি দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ‘বিব্রতকর তথ্য উপস্থাপনের’ প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার ত্বকী হত্যার সাড়ে চার বছর উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে রফিউর রাব্বি বলেন, ‘সাত খুনের মতো জটিল মামলা সাড়ে তিন বছরের মধ্যে সম্পন্ন হলো, দুই বছরের মধ্যে নারায়ণগঞ্জের পাঁচ খুনের মামলার রায় হলো, কিন্তু সাড়ে চার বছরেও ত্বকী হত্যার অভিযোগপত্র পর্যন্ত দেওয়া হয়নি। ত্বকী হত্যার বিচারের প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে বলে আমরা মনে করি।’

গতকালের প্রতিবাদ সভায় আবু হাসনাত মোহাম্মদ শহীদ বলেন, ‘রফিউর, রাব্বি আপনার শেল্টারটা কে? কত বড় সাহস। জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটাক্ষ করে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়ে রাস্তার কুকুরকে খাওয়াইয়া ফেলব।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কেউ যদি অন্যায়ভাবে কটাক্ষ করে কথা বলেন আমরা বরদাশত করি না, বরদাশত করব না। নারায়ণগঞ্জের প্রশাসনকে বলতে চাই, যেখানেই রফিউর রাব্বিকে পাওয়া যাবে, সেখানে গণধোলাই দেওয়া হবে। তাঁকে রেহাই দেওয়া হবে না।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু জাফর চৌধুরী, নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু মামুন, সোনারগাঁ থানা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান।

হুমকির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রফিউর রাব্বি বলেন, ‘এটি নতুন নয়, সচরাচর ওরা এ ভাষায়ই কথা বলে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ঘাতকেরা তাদের খুন-খারাবি, সন্ত্রাস-অপকর্ম ভয় দেখিয়ে ঢাকা দিতে চায়। তা হবে না। এসব করে আমাদের হত্যার বিচার চাওয়া থেকে বিরত রাখা যাবে না।’