রফিউর রাব্বির নামে পুলিশ সুপারকে খুদে বার্তা পাঠানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির মুঠোফোন থেকে জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনের মুঠোফোনে তিনটি খুদে বার্তা পাঠানো হয়েছে। তবে এ বার্তাগুলো রাব্বি পাঠাননি বলে দাবি করছেন। এ ব্যাপারে তিনি বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রাব্বি নারায়ণগঞ্জের নিহত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা।

নারায়ণগঞ্জ থানায় দায়ের করা জিডি নম্বর ৩৩। জিডিতে রাব্বি উল্লেখ করেন, ত্বকী হত্যার সঙ্গে জড়িত এবং ভিওআইপি প্রযুক্তির সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তি বা গোষ্ঠী ত্বকী হত্যার বিষয়টি নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার জন্য প্রযুক্তি ব্যবহার করে এ কাজটি করেছে।

জিডিতে রাব্বি আরও উল্লেখ করেন, ‘গতকাল রোববার দুপুরে পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন আমার মোবাইল নম্বর থেকে পাঠানো খুর্দে বার্তা সম্পর্কে ফোন করে জানতে চান। উত্তরে আমি তাঁকে কোনো এসএমএস পাঠাইনি বললে তিনি আমাকে তিনটি এসএমএসের কথা জানান। বিষয়টি নিয়ে আমার মধ্যে প্রশ্ন তৈরি হলে আমি পুলিশ সুপারের অবস্থান সম্পর্কে জানতে চাই। তিনি কার্যালয়ে আছেন বলে জানালে আমি নারায়ণগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান মাসুম ও অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবুকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে দেখা করি এবং এসএমএসগুলো দেখতে চাই। এ সময় পুলিশ সুপার দেখান আমার ব্যবহৃত ০১৯৬৬৬৫২৯৪৯ নম্বর মোবাইল থেকে পুলিশ সুপারের ০১৭১৩৩৭৩৩৩৯ নম্বরে ৩১ জানুয়ারি দিবাগত রাত দুইটা ৫৪, দুইটা ৫৭ এবং তিনটা ৩০ মিনিটে তিনটি এসএমএস পাঠানো হয়েছে। তিনটি এসএমএসই ত্বকী হত্যা-সম্পর্কিত বিভ্রা‌ন্তিমূলক মিথ্যা তথ্য। অথচ আমার মুঠোফোন থেকে পুলিশ সুপারকে কোনো খুদে বার্তা পাঠানো হয় নাই।’

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, জিডির অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।