
রাজধানীর মিরপুরে বাসে পেট্রলবোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ ৩৩জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র গ্রহণ করে আজ সোমবার এ আদেশ দেন।
গত ১৪ মে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক।
আজ এ মামলার অভিযোগপত্র গ্রহণ বিষয়ক শুনানির দিন ধার্য ছিল। কিন্তু পলাতক আসামিরা আদালতে হাজির না থাকায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী, সাবেক সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন ও যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
চলতি বছরের ২৫ জানুয়ারি মিরপুর মডেল থানা এলাকায় ২০-দলীয় জোটের কর্মীরা হরতাল-অবরোধ কর্মসূচি সফল করতে গাড়ি ভাঙচুর ও বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেন।