রফিকুল ও তাঁর অনুগতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে আলোকচিত্র সাংবাদিক নির্যাতন ও ৩৫ সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বান্দরবানে কর্মরত সাংবাদিকেরা। পাশাপাশি এক বিবৃতিতে তাঁরা খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম ও তাঁর ‘পালিত সন্ত্রাসীদের’ অবিলম্বে গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন।

বান্দরবানের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ২৬ জন সাংবাদিকের সই করা ওই বিবৃতিতে গতকাল বুধবার বলা হয়, পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক নীরব চৌধুরীকে খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ে নিয়ে মেয়র রফিকুল আলম ও তাঁর পালিত সন্ত্রাসীরা অমানুষিক নির্যাতন করে। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বাধা ও মাইক কেড়ে নিয়ে প্রকাশ্যে ৩৫ জন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এভাবে রফিকুল আলম একদিকে ক্ষমতার চরম অপব্যবহার করছেন। অপরদিকে সরকারি প্রশাসন ও আইনকানুনের তোয়াক্কা না করে সরকারকে চ্যালেঞ্জ করছেন।

খাগড়াছড়ির সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তিন দফার অন্য দুটি দাবি হলো ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক কাজে লিপ্ত থাকায় মেয়রের পদ থেকে রফিকুল আলমকে অপসারণ এবং অবৈধ বালু উত্তোলনসহ সব বেআইনি কর্মকাণ্ড ও অনিয়ম-দুর্নীতি তদন্ত করে মেয়রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, কালের কণ্ঠ-এর স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম, যুগান্তর-এর প্রতিনিধি এনামুল হক কাশেমি, এটিএন বাংলার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, সমকাল-এর প্রতিনিধি উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, ডেইলি স্টার-এর সঞ্জয় কুমার বডুয়া, এনটিভির আলাউদ্দিন শাহরিয়ার, বাংলা ভিশনের আল-ফয়সাল, এসএটিভির উসিথোয়াই মারমা, সংবাদ-এর লিপিকা রাণী বড়ুয়া প্রমুখ।

৩৫ সাংবাদিকের জিডি: খাগড়াছড়ি সদর থানার এসআই মো. মাঈনুদ্দিন ভূইয়া জানিয়েছেন, প্রাণনাশের হুমকির পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার জীবনের নিরাপত্তা চেয়ে খাগড়াছড়ি সদর থানায় ৩৫ সাংবাদিক সাধারণ ডায়েরি (জিডি) করেন। জীবনের নিরাপত্তা চেয়ে নীরব চৌধুরীও পৃথক জিডি করেন। গতকাল জিডির বিষয়ে তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।