চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ৮ ও ৯ নম্বর সেতুর নিচে সুতি জাল পেতে মাছ শিকার করা হচ্ছে। এতে পোনাসহ সব ধরনের মাছ সমূলে নিধন হচ্ছে। পাশাপাশি পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। বিল থেকে পানি নেমে যেতে দেরি হলে আগামী রবি মৌসুমে শস্য আবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকার কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন।
কৃষকদের লিখিত অভিযোগ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, চলনবিলের মাঝ দিয়ে যাওয়া বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ৮ ও ৯ নম্বর সেতু দিয়ে উজানের সিংড়া, গুরুদাসপুর এবং তাড়াশ উপজেলার পানি প্রবাহিত হয়। এক সপ্তাহ ধরে ওই সেতুর নিচে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বাঁশ পুঁতে তার সঙ্গে সূক্ষ্ম সুতি জাল স্থাপন করে মাছ শিকার করছেন। এ কারণে উজানের পানিপ্রবাহে বাধাগ্রস্ত হচ্ছে। বিল থেকে পানি নামছে ধীরগতিতে। এ ছাড়া তাড়াশের কুন্দইল খালে তিনটি স্থানে, ভেটুয়া খালে দুটি, পাইকপাড়া মধুরচরে পাঁচটি, নাঙ্গলমাড়ায় তিনটি, ছাওয়াল দহে তিনটি এবং চিনাবাহাতপুর চারটি স্থানে একইভাবে সুতি জাল পেতে মাছ শিকার করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ৮ ও ৯ নম্বর সেতুর উত্তরের উজানে পানির উচ্চতা ভাটি এলাকার চেয়ে প্রায় এক ফুট নিচে অবস্থান করছে। সুতি জাল পাতায় পানির স্রোত বাধা পেয়ে মহাসড়কের নিচে মাটির অংশে আঘাত হানছে। এতে সড়কটিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন যুবলীগের নেতা নজরুল ইসলামের নেতৃত্বে সেতু এলাকায় এবং কুইন্দইল খালের প্রথম অংশে আরিফ শাহাদতের নেতৃত্বে প্রভাবশালী ব্যক্তিরা এভাবে মাছ শিকার করছেন।
জানতে চাইলে মো. নজরুল ইসলাম বলেন, ‘এলাকার কিছু লোকজন মাছ শিকার করছেন। এখানে আমাদের দলীয় লোকজন জড়িত নন। তবে পানিপ্রবাহ ঠিক আছে। কোনো অসুবিধা হচ্ছে না। মৌসুমি মাছ তো সবাই শিকার করে থাকেন।’
বিনোদ গ্রামের কয়েকজন কৃষক বলেন, সপ্তাহ খানেকের মধ্যে রবি মৌসুম শুরু হবে। অথচ এখনো বন্যার পানি নামতে পারেনি। সুতি জালে বাধা না পেলে পানি এত দিন নেমে যেত। হামকুরিয়া গ্রামের কৃষক আনসার আলী জানান, চলনবিলের বৃহত্তর এ অংশে প্রায় ৮০ হাজার হেক্টর জমি রয়েছে। এ জমি আবাদ করে এলাকার কয়েক হাজার কৃষক জীবিকা নির্ভর করে থাকেন। তা ছাড়া সুতি জাল পাতায় মাছের রেণু পর্যন্ত আটকা পড়ছে। এ মাছগুলো নদীতে গেলে আরও কয়েক হাজার মণ মাছ উৎপাদিত হতো। প্রভাবশালী ব্যক্তিরা রবি আবাদের ক্ষতি করার পাশাপাশি মাছের বংশও নিধন করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ২৫ অক্টোবরের মধ্যে পানি না নামলে রবিশস্যের আবাদ মারাত্মক হুমকির মুখে পড়বে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা ইউএনওকে অনুরোধ করেছেন।
ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। দুই মাস ধরে এখানে যোগদান করার পর তিনবার জাল উচ্ছেদ করে পুড়িয়েছিলাম। আবার নতুন করে বাধা দেওয়া হয়েছে। এটি অত্যন্ত লাভজনক ব্যবসা বলে দলবেঁধে করা হচ্ছে। ব্যস্ত থাকায় অভিযান চালানো সম্ভব হয়নি।’ শিগগিরই সুতি জাল উচ্ছেদে অভিযান চালানো হবে বলে জানান তিনি।