রমনা পার্কের লেক থেকে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা পার্কের লেক থেকে গত মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রমনা থানা-পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রমনা পার্কের ভেতরের লেকে এক নারীর লাশ ভাসতে দেখে নিরাপত্তাকর্মীরা রমনা থানায় জানান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তাঁর পরনে ছিল নীল ছাপার শাড়ি। বয়স আনুমানিক ৪৫ বছর।
রমনা থানার ওসি মশিউর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, গোসল করতে নেমে ওই নারী লেকের পানিতে ডুবে মারা যেতে পারেন। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
এদিকে গত মঙ্গলবার মধ্যরাতে পুলিশ শিল্পাঞ্চল থানার কুনিপাড়া থেকে সুমন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, সুমন মিয়া সপরিবারে কুনিপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার রাতে পুলিশ ওই বাসার খাটের ওপর থেকে তাঁর লাশ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
গতকাল বুধবার রাতে যোগাযোগ করা হলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, সুমন বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছুদিন আগে ওই প্রতিষ্ঠান থেকে তাঁকে চাকরিচ্যুত করা হয়। এ নিয়ে সুমনের স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য দেখা দেয়। রাতে সুমনের স্ত্রী বাইরে ছিলেন। তিনি বাসায় ফিরে দেখেন শোয়ার ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগানো। এ সময় দরজা ভেঙে দেখতে পান ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় সুমন ঝুলছেন। পরে লাশ নামিয়ে আনা হয়।