রমনায় পুলিশের বাসে পেট্রলবোমা, আহত ৫
রাজধানীর রমনার মৎস্য ভবনের কাছে গতকাল শনিবার রাত পৌনে নয়টার দিকে পুলিশ বাসে পেট্রলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে একজন উপপরিদর্শক (এসআই) ও চারজন কনস্টেবল আহত হন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রায় একই সময়ে রাজধানীর মোহাম্মদপুরে যাত্রীবাহী একটি বাসেও পেট্রলবোমা হামলা হয়েছে। এতে এক শিশুসহ নয়জন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দগ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে আরও ছয়টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যায় আজিমপুরে ককটেল বিস্ফোরণে আহত হন দুজন।
পুলিশ বাসে পেট্রলবোমা: রাত পৌনে নয়টার দিকে দায়িত্ব শেষ করে বাসে করে ৪০ থেকে ৫০ জন পুলিশ সদস্য রাজারবাগে ফিরছিলেন। বাসটি মৎস্য ভবনের কাছে এলে মোটরসাইকেল আরোহী দুই যুবক সামনের কাচে পেট্রলবোমা ছোড়ে। আগুন জ্বলে উঠলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে একজন কনস্টেবল দগ্ধ ও তাড়াহুড়ো করে নামতে গিয়ে এক এসআইসহ চারজন আহত হন। পরে অন্য পুলিশ সদস্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত পুলিশ সদস্যরা রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত। তাঁরা হলেন এসআই আবুল কালাম আজাদ এবং কনস্টেবল মোরশেদ আলম, বদিয়ার রহমান, লিখন ও শামীম। এঁদের মধ্যে দগ্ধ বাসচালক মোরশেদ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। আহত চারজনের মধ্যে শামীমের অবস্থা আশঙ্কাজনক। অচেতন অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখন রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন। এসআই আবুল কালাম আজাদ ও কনস্টেবল বদিয়ারকে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত এসআই আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালে দায়িত্ব ছিলেন। দায়িত্ব শেষে রাজারবাগ ফেরার পথে এ ঘটনা ঘটে।
কনস্টেবল বদিয়ার বলেন, ‘হঠাৎ বিকট শব্দ হইয়া বাসের সামনে কী জানি একটা পড়ল। এরপর আগুন। কিচ্ছু দেখি না। যে যেদিক দিয়া পারছি তাড়াহুড়ো কইরা নামছি। নামার সময় মাথায় প্রচণ্ড আঘাত পাই।’
খবর পেয়ে ঢাকা মেডিকেলে যান ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আহত ব্যক্তিদের দেখার পর পুলিশ কমিশনার আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘অবরোধ সমর্থক সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা দেশের শান্তির জন্য কাজ করতে গিয়ে বর্বরতা ও সন্ত্রাসী হামলার শিকার হচ্ছি। যারা অবরোধের নামে সন্ত্রাসী কার্যক্রম ঘটায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে আমি সবাইকে আহ্বান জানাই।’
মোহাম্মদপুরে বাসে পেট্রলবোমা: রাত নয়টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে পাঁচ যাত্রী দগ্ধ ও তাড়াহুড়ো করে নামতে গিয়ে এক শিশুসহ চার যাত্রী সামান্য আহত হন।
দগ্ধ ব্যক্তিরা হলেন নূরজাহান, বিল্লাল, আরমান, আবু তাহের ও তাঁর ছেলে আবু বকর। এঁদের শরীরের ৪ থেকে ২৫ ভাগ পর্যন্ত পুড়ে গেছে। তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত ব্যক্তিরা হলেন মো. সুজন, মনোয়ারা এবং দগ্ধ নূরজাহানের মেয়ে ঋতু ও দুই বছরের সন্তান রিফাত।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ককটেল বিস্ফোরণে দুজন আহত: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আজিমপুর ভিকারুননিসা নূন স্কুলের সামনে ককটেল বিস্ফোরণে কিংজুন নামের রিকশাচালক ও মোশাররফ হোসেন নামের এক আরোহী আহত হন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
হাতেনাতে আটক দুই যুবক: মিরপুরের টেকনিক্যাল মোড়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় এক যুবককে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। পুলিশ জানায়, ওই যুবক তাঁর নাম আঙ্গুর বলেছেন। বয়স ২৫।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, হেমায়েতপুর থেকে তাঁরা তিনজন ঢাকায় এসেছেন। আটক যুবককে হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাত ১১টার দিকে গুলিস্তানে একটি বাসে আগুন দেওয়ার সময় আকরাম হোসেন (২০) নামের একজনকে আটক করেছে পুলিশ। আকরাম মিরপুর বাঙলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে। পরে পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই সময় আকরামের ঊরুতে গুলির দাগ ছিল।
ছয় বাসে আগুন: ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পাঁচটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সকাল সাতটার দিকে মিরপুর ১৩ নম্বরে, সকাল আটটার দিকে রায়েরবাগে, বিকেল পাঁচটার দিকে টেকনিক্যাল মোড়ে ও সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একই এলাকায় এবং সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি ৩ নম্বরে বাসে আগুন দেওয়া হয়।
সকাল আটটার দিকে রায়েরবাগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ভয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পাশের অন্য একটি বাসের যাত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্রীসহ তিনজন আহত হন।
আহত ছাত্রীর নাম সুলতানা ইসলাম। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। সুলতানার সহপাঠীরা জানান, সকালে বাসে করে (স্বদেশ পরিবহন) বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে আসছিলেন সুলতানা। বাসটি রায়েরবাগ এলাকায় এলে সামনে থাকা ‘প্রাইম প্লাস’ নামের আরেকটি বাস ভাঙচুর করে ও আগুন দেয় অবরোধ-সমর্থকেরা। এ সময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, সুলতানাকে প্রথমে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।