রমনায় হামলার ২১ বছরেও বিচারের সব প্রক্রিয়া শেষ হয়নি
২১ বছর আগে রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় করা পৃথক দুটি মামলার একটিরও বিচার প্রক্রিয়ার সব ধাপ শেষ হয়নি। হত্যা মামলায় আট বছর আগে (২০১৪ সাল) ঢাকার বিচারিক আদালত আট জঙ্গির মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। পরে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য পাঠানো হয় হাইকোর্টে। এখনো মৃত্যুদণ্ডের অনুমোদন ও আসামিদের করা আপিলের চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।
জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করছি হাইকোর্টে রমনা বটমূলে বোমা হামলা মামলার শুনানি খুব শিগগির শুরু হবে।’
এদিকে একই ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলার বিচার এখনো শেষ হয়নি। মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এ বিচারাধীন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলাটি এখন যুক্তিতর্ক শুনানি পর্যায়ে রয়েছে।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মারা যান একজন। এ ঘটনায় জঙ্গিগোষ্ঠী হরকাতুল জিহাদের (হুজি-বি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ ১৪ জঙ্গিকে আসামি করা হয়। মামলার ১৩ বছরের মাথায় ২০১৪ সালের ২৩ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মুফতি হান্নানসহ ৮ জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। রাষ্ট্রপক্ষ জানায়, ১৪ আসামির মধ্যে মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামি এখনো পলাতক রয়েছেন।