রহমতখালীর পাড়ে অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া রহমতখালী খালের পাড়ে তৈরি করা হয়েছে অনেক অবৈধ স্থাপনা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
লক্ষ্মীপুর শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া রহমতখালী খালের পাড়ে তৈরি করা হয়েছে অনেক অবৈধ স্থাপনা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

লক্ষ্মীপুর শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী রহমতখালী খালের পাড়ে তৈরি করা হয়েছে অনেক অবৈধ স্থাপনা। প্রভাবশালী ব্যক্তিরা খালের দুই পাড়ে টিনের ঘর ও পাকা ভবন নির্মাণ করে খালটি দখল করে নিচ্ছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, জেলা শহরের সেতুর দুই পাশে খাল দখল করে অনেক ভবন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া খালে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। স্থানীয় অনেকের অভিযোগ, ময়লা-আবর্জনা ফেলার কারণে খালের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, রহমতখালী খালটি ১৫০ থেকে ২০০ ফুট চওড়া হওয়ার কথা। কিন্তু দেখা গেছে, কোথাও কোথাও এটি ৭০-৮০ ফুট চওড়া। লক্ষ্মীপুর শহরের সেতুর দুই পাশে রহমতখালী খালের ওপর অনেকে ভবন নির্মাণ করছেন। এসব ভবনের কারণে বর্ষাকালে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।
লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক আবদুল মালেক বলেন, একসময় রহমতখালী খাল ছিল জেলা শহরের নৌপথে যোগাযোগের মাধ্যম। কিন্তু দখলের কারণে এবং সংস্কারের অভাবে খালটি মরে যাচ্ছে।
বেসরকারি সংস্থা পরিবেশ ইউএসএর লক্ষ্মীপুর শাখার নির্বাহী সদস্য আজিজুর রহমান আজম বলেন, রহমতখালী খাল বাঁচাতে হলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। এ ছাড়া খননের মাধ্যমে খাল সংস্কার এবং পানি দূষণ বন্ধ করতে হবে।
লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, শহরের সৌন্দর্য রক্ষায় খালটি সংস্কার ও দখলমুক্ত করা প্রয়োজন।
লক্ষ্মীপুর পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন বলেন, খালটি দূষণমুক্ত রাখতে একাধিকবার মাইকিং করা হয়েছে। অবৈধ দখলের ব্যাপারে কেউ অভিযোগ করলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. আবদুল কাদের জানান, শহরের সেতুর দুই পাশে রহমতখালী খালের ওপর ১৫টি ঘর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এসব অবৈধ স্থাপনার তালিকা করা হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন মিয়া বলেন, অবৈধভাবে ঘর নির্মাণকারীদের তালিকা তৈরি করতে সার্ভেয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।