নাটোরের তিন যুবলীগ নেতা-কর্মীর খুনের রহস্য উদ্ঘাটনের জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে নাটোর জেলা উপজেলা ও পৌর যুবলীগ। এ সময়ের মধ্যে প্রশাসন ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দিয়ে উত্তরাঞ্চল অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকালে নাটোর কানাইখলী মাঠে নিহত তিন নেতা-কর্মীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে দেওয়া বক্তৃতায় পৌর যুবলীগের আহ্বায়ক সাঈম হোসেন এসব কথা বলেন। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।
নিহত যুবকেরা হলেন নাটোরের আবদুল্লাহ আকন্দ (২৮), রেদোয়ান সাব্বির (২৬) ও সোহেল রানা (২৭)। আবদুল্লাহ সদর উপজেলার কানাইখালী এলাকার লুৎফর রহমান মাওলানা ও রেদোয়ান একই এলাকার সোনা মিয়ার ছেলে। আর সোহেল তালতলা হাফরাস্তা এলাকার কালু মিয়ার ছেলে। তাঁদের অপহরণের দুই দিন পর গতকাল সোমবার দিনাজপুরে তাঁদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তিদের পরিবারের ভাষ্য, তিনজনকে র্যাব পরিচয়ে মারধর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান কয়েকজন।
গতকাল রাত একটার দিকে লাশগুলো নাটোরে নিয়ে আসা হয়। আজ সকাল সাড়ে ১০টায় শহরের কানাইখালী মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে নাটোর-২ (সদর) আসনের সাংসদ শফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
গণমাধ্যমকর্মীদের সাংসদ বলেন, নিহত তিনজনই যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের মধ্যে আবদুল্লাহ আকন্দ ও সোহেল রানার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। সাব্বিরের বিরুদ্ধে কিছু মামলা থাকলেও সে খারাপ ছেলে ছিল না। অথচ তাঁদের এভাবে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনা দলের অভ্যন্তর থেকে হতে পারে, বিরোধী দলের ষড়যন্ত্রেও হতে পারে। এসব ব্যাপারে কিছু তথ্য পাওয়া যাচ্ছে। আবার প্রশাসনের জড়িত থাকার কথাও উঠেছে। টাকা দিয়েও তাঁদের হত্যা করানো হতে পারে।
সাংসদ শফিকুল ইসলাম আরও বলেন, ‘প্রকৃত সত্য উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন। তিনি ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন। আমরা প্রশাসনকে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছি। আমার বিশ্বাস, তারা তা করে দেখাবে।’
তিনি উপস্থিত প্রশাসনের লোকজনকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ অন্যায় করলে আইনের বিধি অনুসরণ করে ব্যবস্থা নেবেন।’
এ সময় মাঠে রেদোয়ান সাব্বিরের চাচা আবু বক্কর সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি সাংসদের সামনে সাংবাদিকদের বলেন, এ ঘটনার সঙ্গে বিরোধী দলের স্থানীয় নেতারা জড়িত থাকতে পারে। একপর্যায়ে তিনি এ ঘটনার সঙ্গে সাংবাদিকেরাও জড়িত থাকতে পারেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, এর আগে সাব্বিরকে নিয়ে যারা সংবাদপত্রে লেখালেখি করেছে, তারাও অর্থ দিয়ে তাকে হত্যা করতে পারে। সবকিছু তদন্ত করে দেখার জন্য তিনি অনুরোধ করেন।
জানাজা শেষে নিহত তিনজনকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে এ ব্যাপারে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি। সাংসদের সময় বেঁধে দেওয়ার ব্যাপারে তিনি জানান, এ ব্যাপারে তাঁদের কিছু বলা হয়নি। তবে না বললেও তাঁরা অভিযোগ পেলে তদন্ত করে দেখবেন।