রহস্য উন্মোচিত হয়নি, অর্থসংকটে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ মাসেও নাটোরের বনপাড়া খ্রিষ্টানপল্লির বহুল আলোচিত সুনীল গোমেজ হত্যার রহস্য উন্মোচিত হয়নি। এ নিয়ে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তবে পুলিশ বলছে, হতাশ হওয়ার কিছু নেই। শিগগিরই সবকিছু প্রকাশ করা হবে।

এদিকে ওই ঘটনার পর থেকে গোমেজ পরিবারের উপার্জনের একমাত্র ভরসা ‘বাড়িভাড়া’ দেওয়া বন্ধ হয়ে গেছে। আতঙ্কে কেউ আর ওই বাড়ি ভাড়া নিতে চাইছেন না। এতে অর্থসংকটে পড়েছে পরিবারটি।

গত ৫ জুন দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ধর্মপল্লির খুদে মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে (৬৫) নিজ

বাড়িতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই দিন রাত ১১টার দিকে হত্যার দায় স্বীকার করে টুইটারে পোস্ট দেয় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। পরদিন সুনীল গোমেজের মেয়ে স্বপ্না গোমেজ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করেন। প্রথমে থানা-পুলিশ মামলাটির তদন্তভার নিলেও কয়েক ঘণ্টার মধ্যে তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে চলে যায়। ডিবির পরিদর্শক আবদুল হাই এটির তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হন। ঘটনার পরপরই তিনি সুনীলের বাড়ির দুই ভাড়াটেকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। বর্তমানে তাঁরা জামিনে মুক্ত রয়েছেন।

মামলার বাদী স্বপ্না গোমেজ বলেন, তাঁর বাবাকে হত্যার পর বিষয়টি বহুল আলোচিত হয়। কয়েকজন মন্ত্রী, সাংসদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাঁদের সঙ্গে দেখা করেন। তাঁরা ঘটনার তদন্ত দ্রুত শেষ করে উপযুক্ত বিচারের আশ্বাস দেন। কিন্তু ঘটনার এক মাস পর থেকে আর কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন না। দৃশ্যত তাঁরা তদন্তের অগ্রগতি দেখছেন না। তিনি ও তাঁর পরিবার বিচার পাওয়া নিয়ে হতাশায় ভুগছেন।

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক জেমস ডি কস্তা বলেন, সুনীল গোমেজ হত্যার পর বনপাড়াসহ জেলার বিভিন্ন ধর্মপল্লির খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। কারা কেন তাঁকে হত্যা করেছে, তা তাঁরা না জানা পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না।

তবে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবদুল হাই বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত হয়েছে। অপরাধীদের কাউকে কাউকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করাও হয়েছে। তাঁরা পুলিশের কাছে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকারও করেছেন। তাঁদের বক্তব্য যাচাই-বাছাই চলছে। এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করা শুধু সময়ের ব্যাপার। তিনি নিহতের পরিবার ও খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজনকে হতাশ না হওয়ার পরামর্শ দেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে অন্তত দুজন সাম্প্রতিক দুটি অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে তাঁদের দেওয়া জবানবন্দি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আছে। তদন্তের স্বার্থে অপরাধীদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

নিহত সুনীল গোমেজের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির একতলা ভবনের তিনটি কক্ষ ও টিনের তৈরি ঘরের তিনটি কক্ষ খালি পড়ে আছে। অবশিষ্ট একটি কক্ষে তাঁর স্ত্রী জাসিন্তা গোমেজ বাস করছেন। বাড়ির সামনে ‘টু-লেট (ভাড়া হবে)’ লেখা সাইনবোর্ড ঝুলছে।

জাসিন্তা গোমেজ বলেন, ‘ঘটনার পর থেকে আর কেউ আমাদের বাড়ি ভাড়া নিতে চাচ্ছেন না। এ বাড়ি ভাড়ার টাকা দিয়েই সংসার চলত। এখন আমরা চরম অর্থসংকটে ভুগছি। আমরা এ খুনের রহস্য জানতে চাই। তাহলে এলাকাবাসীর আতঙ্কও কাটবে।’