রহস্য ভেদ করতে এক চিকিৎসককে খুঁজছে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত ইউরেনিয়ামের উৎসের সন্ধানে বগুড়ার এক চিকিৎসককে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির কর্মকর্তারা বলছেন, বগুড়া শহরের ওই চিকিৎসক গা ঢাকা দিয়েছেন।
এদিকে ইউরেনিয়াম সন্দেহে আটক বস্তু আসলে কী, তা এখনো জানা যায়নি। ডিবির উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কথিত ইউরেনিয়াম পরীক্ষার জন্য আদালতের নির্দেশসংবলিত চিঠি বাংলাদেশ আণবিক শক্তি কমিশনে পাঠানো হয়েছে। তারা যেদিন আলামত নিতে বলবে, সেদিন একজন ম্যাজিস্ট্রেটসহ তদন্ত কর্মকর্তা আলামত নিয়ে আণবিক শক্তি কমিশনে যাবেন।
ডিবি গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১১ জনকে আটক করে। তাঁদের একজনের কাছ থেকে একটি চামড়ার ব্যাগ উদ্ধার করা হয়, যার মধ্যে কথিত সেই ইউরেনিয়াম রয়েছে বলে তাঁরা ডিবিকে জানান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশের একটি সূত্রমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনফেরত এক কর্মকর্তার কাছ থেকে কথিত এই ইউরেনিয়াম সংগ্রহ করেছেন এবং এর মূল্য শতকোটি টাকা ধারণা দিয়ে ইতিমধ্যে কয়েকজনকে প্রতারিত করেছেন। প্রতারিত হওয়া ব্যক্তিদের একজনের কাছ থেকে খবর পেয়েই ডিবি চক্রটিকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদ-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রিমান্ডে ওই ব্যক্তিরা বলেছেন যে রাজন নামে তাঁদের এক সহযোগী নগদ ১০ লাখ টাকা দিয়ে বগুড়ার এক চিকিৎসকের কাছ থেকে কথিত ইউরেনিয়ামসহ ব্যাগটি সংগ্রহ করেন। বগুড়ার একটি হোটেলে লেনদেন হয়। কথা ছিল, ওই বস্তু বিক্রির পর ৫০ কোটি টাকা ওই চিকিৎসককে দিতে হবে। পরে রাজন ব্যাগটি নিয়ে বনানীতে আসলাম মিয়ার বাসায় রেখেছিলেন। সেখান থেকেই ডিবি ব্যাগটি উদ্ধার করে।
ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ওই চিকিৎসকের খোঁজে অভিযান চলেছে। তাঁকে পাওয়া গেলে এ রহস্য ভেদ করা সহজ হবে। তিনি বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, তাঁরা সম্ভাব্য ক্রেতাকে বোঝাতেন যে কথিত ইউরেনিয়ামসহ চামড়ার ব্যাগটি সাধারণ যাত্রীবাহী বিমানে আনা সম্ভব নয়। একমাত্র জাতিসংঘ মিশনফেরত সরকারি কর্মকর্তার পক্ষে এটি দেশে আনা সম্ভব। তাঁদের ব্যাগে বিমানবন্দরে তল্লাশি চালানো হয় না। অনেক সময় তাঁরা বিশেষ বিমানে আসেন।
ওই কর্মকর্তা জানান, ব্যাগটির সঙ্গে থাকা ইংরেজি ও রুশ ভাষায় ক্যাটালগগুলো বিশেষ ধরনের কাগজে মুদ্রিত। ধরলে মনে হয়, যেন কাগজ নয়, ধাতব পাত। ক্যাটালগে ইউরেনিয়াম অ্যাটমিক ওয়েট-২২২.০৭ (এ) লেখা রয়েছে। এর সঙ্গে গ্যাস-মাস্ক, বিকিরণ (রেডিয়েশন) মাপার যন্ত্র, তাপমাপক যন্ত্র, জ্যাকেট, হাতমোজাও রয়েছে। আকারে বড় ব্যাগটির ভেতরে তুলার মতো পদার্থ দিয়ে পরিপূর্ণ, মাঝে ছোট একটি চামড়ার বাক্সে রয়েছে কথিত ইউরেনিয়াম; যা এখনো খুলে দেখেনি ডিবি। ওই বাক্সে আসলেই ইউরেনিয়াম আছে, নাকি এটা প্রতারক চক্রের নতুন ফাঁদ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে তাঁরাও খুব সাবধানে এগোচ্ছেন।