রহস্যজনক মৃত্যু, লাশ দাবিদারদের নিয়ে প্রশ্ন
অজ্ঞাতপরিচয় এক যুবকের রহস্যজনক মৃত্যুর পর লাশের দাবিদার নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে তিন ব্যক্তি লাশটি তাঁদের ভাই রবিউল শেখের বলে দাবি করেন। তিনি ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেন বলে তাঁরা জানান। তবে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকায় কোথায় থাকতেন, তা জানাতে পারেননি।
গত রোববার বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানার পুলিশ। পুলিশ জানায়, রোববার ভোরে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। যাঁরা যুবককে হাসপাতালে নিয়ে যান, পরে তাঁদের আর খোঁজ মেলেনি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পুলিশ বলছে, ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে।
গতকাল দুপুরে মর্গে যান রাকিবুল ইসলাম, রফিক মোল্লা ও আসাদ মোল্লা নামের তিন ব্যক্তি। তাঁরা সাংবাদিকদের কাছে দাবি করেন, মারা যাওয়া যুবক রবিউল শেখের গ্রামের বাড়ি বগুড়ায়। রবিউল ঢাকায় বিয়ে করছেন বলে তাঁরা শুনেছেন।
শেরেবাংলা নগর থানার এসআই মীর হোসেন বলেন, লাশের দাবিদারদের তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।