ধর্ষণের পর হত্যা করা হয়েছিল বাক্প্রতিবন্ধী তরুণী নুরজাহানকে (২২)। কিন্তু প্রচার করা হয়, তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় হত্যা মামলার পর তদন্তে নামে থানার পুলিশ। প্রাথমিক তদন্তে তারা হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। পরে মামলা স্থানান্তর করা হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। সিআইডি সহায়তা নেয় প্রযুক্তির। ডিএনএ পরীক্ষায় উন্মোচিত হয় হত্যাকাণ্ডের রহস্য।
গত ১৯ মার্চ চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার চান্দার বাড়ি এলাকার ভাড়া বাসা থেকে পোশাকশ্রমিক নুরজাহানের লাশ উদ্ধার করা হয়। এরপর এলাকাবাসী মো. জালাল (৪২) নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেন। জালালের বাসায় উপভাড়াটে হিসেবে থাকতেন কক্সবাজারের টেকনাফের বাসিন্দা নুরজাহান।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের দুই দিন পর জালালকে আসামি করে নুরজাহানের বাবা নজির আহাম্মদ চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। প্রথমে মামলাটি তদন্ত করেন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. ছমি উদ্দিন। ১৫ দিন পর মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মো. সামসুল আলম বলেন, নুরজাহানের কাপড় ও শরীর থেকে সংগ্রহ করা নমুনা সিআইডির চট্টগ্রামের ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সেখানে নমুনা পরীক্ষার পর মতামত দেওয়া হয়, এতে বীর্যের উপস্থিতি আছে। আর ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, নুরজাহানকে শ্বাসরোধে হত্যা এবং ধর্ষণ করা হয়ে থাকতে পারে।
সিআইডি জানায়, ধর্ষণ সম্পর্কে নিশ্চিত হতে মৃত্যুর সময় নুরজাহানের পরনে থাকা সালোয়ার-কামিজ এবং শরীর থেকে সংগ্রহ করা নমুনা ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। সঙ্গে আসামি জালালকেও ঢাকায় পাঠানো হয়। সেখানে জালালের শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় নুরজাহানের সালোয়ারে পাওয়া নমুনার সঙ্গে জালালের ডিএনএর নমুনা মিলে যায়। তাই জেলহাজতে থাকা আসামি জালালের বিরুদ্ধে হত্যার পাশাপাশি ধর্ষণের অভিযোগও আনা হয়। ৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মো. সামসুল আলম বলেন, ঘটনার দিন নুরজাহান ও জালাল ছাড়া বাসায় কেউ ছিলেন না। জালাল নুরজাহানকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে লাশটি ঝুলিয়ে দেন। এরপর টিনের ফাঁক দিয়ে কৌশলে তিনি ঘর থেকে বেরিয়ে যান। পরে জালাল ঘটনা ধামাচাপা দিতে ফিরে এসে লোকজনকে ডাকাডাকি করে এনে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পুলিশ আসার আগেই জালাল লাশটি নামিয়ে ফেলেন। তিনি আরও বলেন, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলেও জালাল মুখ খোলেননি। ডিএনএ পরীক্ষার সুযোগ না থাকলে জালাল যে নুরজাহানকে ধর্ষণ করেছেন, তা প্রমাণ করা কঠিন হয়ে যেত।
সিআইডির চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মো. মোশাররফ হোসাইন বলেন, প্রযুক্তির কারণে এখন অপরাধ করে কারও পার পাওয়ার কোনো সুযোগ নেই।
নুরজাহানের বাবা নজির আহাম্মদ জানান, তাঁর নয় সন্তানের মধ্যে নুরজাহান তৃতীয়। তিনি বাক্প্রতিবন্ধী হলেও পরিবারের অভাব-অনটন দূর করতে চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার একটি পোশাক কারখানায় চাকরি নিয়েছিলেন। জালালের বাড়িও তাঁদের এলাকায়। তাই নিরাপত্তার জন্য বাক্প্রতিবন্ধী মেয়েকে জালালের পরিবারের সঙ্গে থাকতে দিয়েছিলেন তিনি। কাঁকড়া ব্যবসায়ী জালালের স্ত্রীও পোশাক কারখানায় চাকরি করেন।