রাজশাহীর একটি আবাসিক হোটেল থেকে গত মাসে উদ্ধার হওয়া দুই তরুণ-তরুণীর মধ্যে তরুণী খুন হয়েছেন ও তরুণ আত্মহত্যা করেছেন। ওই ঘটনায় দুজনের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে এ কথা।
তবে ওই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এ প্রতিবেদনে সন্তুষ্ট নন। আবার তদন্ত-সংশ্লিষ্ট আরেকজন কর্মকর্তাও প্রতিবেদনের তথ্যের সঙ্গে একমত হতে পারেননি।
গত ২২ এপ্রিল হোটেলকক্ষ থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় তরুণীর বাবা আবদুল করিম রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এজাহারে দুজনকেই হোটেল কর্মচারীদের সহযোগিতায় হত্যার অভিযোগ করা হয়। তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগও করা হয় এতে।
এ মামলা তদন্ত করছেন বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা। পাশাপাশি ছায়া তদন্ত করছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। ঘটনার পরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান সাংবাদিকদের বলেছিলেন, প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন এটি আত্মহত্যা নয়, খুনের ঘটনা।
আর ময়নাতদন্তের পর রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক এনামুল হক তরুণের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা বিষয়টি বুঝছি না। এটা পুলিশি তদন্তের ব্যাপার।’
সম্প্রতি পুলিশের হাতে আসা ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা সেলিম বাদশা বলেন, প্রতিবেদনে পরিষ্কারভাবে ছেলেটির আত্মহত্যা ও মেয়েটির খুন হওয়ার কথা বলা হয়েছে। তারপরও তিনি এ প্রতিবেদনে সন্তুষ্ট নন। হোটেলকক্ষে তৃতীয় কেউ ছিলেন কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার আলামত ঢাকায় পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, তরুণের লাশ ফ্যানে ঝোলানো ছিল। তাঁর দুই হাত ওড়নায় বাঁধা ছিল। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। সিসি ক্যামেরায় দেখা গেছে, তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। হাত বাঁধা অবস্থায় একজন প্রতিবন্ধী মানুষের পক্ষে ফ্যানের সঙ্গে ফাঁস নেওয়া অসম্ভব। তা ছাড়া তাঁর গলার কাছে আঘাতের চিহ্ন দেখা গেছে।
ওই কর্মকর্তা আরও বলেন, ছেলেটির হাতের তালুতে রক্তের দাগ ছিল না। রক্ত ছিল হাতের ওপরে। ছেলেটি যদি মেয়েটিকে হত্যা করত, তবে তাঁর তালুতে রক্তের দাগ থাকাই ছিল স্বাভাবিক। আত্মহত্যার ক্ষেত্রে আরও যে লক্ষণ থাকে সে রকম কিছু পাওয়া যায়নি। জানালা দিয়ে কক্ষটিতে ঢোকার একটি পথ রয়েছে। ওই পথে ঢুকে হত্যাকাণ্ড ঘটালে তা হোটেলের সিসি ক্যামেরায় ধরা পড়ার সুযোগ নেই। তিনি দৃঢ়ভাবে বলেন, ‘এটি একটি হত্যাকাণ্ড।’
মেয়ের বাবা আবদুল করিম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, দুজনকেই হত্যা করা হয়েছে। এর যথেষ্ট প্রমাণ তিনি এজাহারে দিয়েছেন। দুজনের হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
২২ এপ্রিল হোটেলকক্ষ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা মিজানুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের ছাত্র ছিলেন। আর সুমাইয়া নাসরিন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্রী ছিলেন। দুজনের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।