রহিমার ডেরায় অভিযান, হাজার পুরিয়া হেরোইন উদ্ধার

নারী মাদক ব্যবসায়ী রহিমা বেগমের ডেরায় অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার সকালে এক হাজার পুরিয়া হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। তবে গ্রেপ্তার করা যায়নি রহিমাকে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমন (২৫) ও রুবেল (২৪)। ইমন রহিমার ম্যানেজার বলে জানান মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা।
অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রাপুর সার্কেলের পরিদর্শক হেলাল উদ্দীন ভুঁইয়া প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ গেন্ডারিয়া ছোবা বস্তিতে রহিমার ডেরায় অভিযান চালিয়ে ইমন ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সিগারেটের রাংতা কাগজ মুড়িয়ে হেরোইনের পুরিয়া বেঁধে বিক্রির জন্য প্রস্তুত করছিলেন। এ ঘটনায় রহিমা ও তাঁর স্বামী হযরত আলীকেও মামলায় আসামি করা হবে বলে জানান কর্মকর্তারা। কারণ তাঁদের মালিকানাধীন বাড়ি থেকেই হেরোইনগুলো উদ্ধার করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা জানান, প্রায় এক যুগ ধরে ডজন খানেকের বেশি মামলা মাথায় নিয়েই রহিমা বেগম মাদক ব্যবসা করছেন। তাঁর স্বামী হযরত আলী, জামাতা মনিরুল রবিনকে নিয়ে তিনি মাদক পরিবার গড়ে তুলেছেন। ঢাকায় তাঁর অর্থায়নে বেশ কয়েকটি বাড়ির মালিক হয়েছেন তাঁর কাছের আত্মীয়স্বজনেরা। বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে থাকেন রহিমা। চলাচলের জন্য রয়েছে বেশ দামি এসইউভি, তাতে কালো কাচ লাগানো। মাঝেমধ্যে নিজের গাড়িতে করেই হেরোইন সরবরাহ করেন নিজের সিন্ডিকেটের পরিচালিত আস্তানাগুলোতে। তাঁর বিরুদ্ধে গেন্ডারিয়া থানাতেই রয়েছে আধা ডজন মামলা। এর মধ্যে ২০১৪ সালে তাঁর নিজের বাসাতে পুলিশের সোর্স আসলামকে হত্যা করা হয়। সেই হত্যায় রহিমা অভিযোগপত্রভুক্ত আসামি। ওই হত্যার পর রহিমা গ্রেপ্তার হয়েও আবার জামিনে বেরিয়ে যান। এখন আবারও পুলিশের খাতায় পলাতক তিনি।