
বান্দরবানের রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর অভিযানে রাইফেল, গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। রুমা সেনা জোনের নেতৃত্বে ১৪ অক্টোবর রাত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
গতকাল শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকারী দলটি ১৫ অক্টোবর ভোরে রুমা সেনা জোনের আওতাধীন দুর্গম এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানায় হানা দেয়। এ সময় দুই পক্ষে গুলিবিনিময় হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে আস্তানা থেকে একটি রাইফেল, সাতটি ম্যাগাজিন, ২২২টি গুলি, দুটি গ্রেনেড, একটি ওয়াকিটকি, দুটি ছুরি, এক জোড়া সামরিক পোশাক এবং একটি এলএমজি ম্যাগাজিন পৌচ উদ্ধার করা হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু দুষ্কৃতকারীর কর্মকাণ্ড যেমন—চাঁদা আদায়, ছিনতাই ও অপহরণের চেষ্টা পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতে বান্দরবানের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সেনা রিজিয়ন বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে।