রাউজানে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে ইয়াবাসহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনি বাজারের একটি ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন (২৭), পাহাড়তলী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ কফিল উদ্দিন (২৮) ও নোয়াপাড়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শাহেদ (২৯)।
অভিযানে নেতৃত্ব দেওয়া নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ জাবেদ মিয়া প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫৪টি ইয়াবা বড়িসহ তিনজনকে হাতেনাতে ধরা হয়। এ সময় আরও তিনজন পালিয়ে যায়।
গতকাল মঙ্গলবার সকালে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সেলিম উদ্দিন নোয়াপাড়া পুলিশ ফাঁড়িতে প্রথম আলোর কাছে দাবি করেন, অভিযানের খবর শুনে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তখন তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়।
উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ বলেন, সেলিম তাঁদের কমিটির সদস্য। তবে ইয়াবাসহ সেলিমের পুলিশের হাতে ধরা পড়ার বিষয়ে তিনি কিছু শোনেননি।
রাউজান থানার ওসি কেফায়াত উল্লাহ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।