রাউজানে কিশোরীর বাল্যবিবাহ ঠেকাল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স বাড়িয়ে ভুয়া জন্মসনদ তৈরি করে বিয়ের আয়োজন চলছিল কিশোরীর। এমনকি ওই জন্মসনদে পাল্টে দেওয়া হয় তার নামটিও। তবে কোনো ফন্দিফিকিরই কাজে দেয়নি। খবর পেয়ে কিশোরীর গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হোসেন। বাল্যবিবাহের ওই আয়োজন বন্ধ করে দেন তিনি। এরপর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না এই মর্মে কিশোরীর পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

গত রোববার রাতে রাউজান উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। গতকাল সোমবার দুপুরে কিশোরীর বিয়ের তারিখ ঠিক করা হয়েছিল। কিশোরীটি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

ইউএনও শামীম হোসেন বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে রোববার রাতে ওই কিশোরীর বাড়িতে যান তিনি। সেখানে কিশোরীর পরিবার ও বরপক্ষের লোকজনের সঙ্গে বৈঠকে বসেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে বলার পর দুপক্ষই এখন বিয়ে না দেওয়ার বিষয়ে একমত হন। সোমবার থেকে কিশোরীটি আবারও বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে।