রাউজানে গুলিতে সাংবাদিক আহত
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে মোহনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর এক সাংবাদিক আহত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন শেষে ফেরার সময় গতকাল রোববার বেলা ১১টার দিকে গহিরা বাজারে মোহনা টেলিভিশনের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
আহত অবস্থায় সাংবাদিক রাজীব সেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানান। ওই গাড়িতে মোহনা টিভি চ্যানেলের ক্যামেরাপারসন আসাদুজ্জামানসহ আরও তিনজন ছিলেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার গতকাল দুপুরে হাসপাতালে রাজীব সেনকে দেখতে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনাটি কেন, কীভাবে ঘটল, তা আমরা তদন্ত করে দেখছি।’
মোহনা টেলিভিশনের ক্যামেরাপারসন আসাদুজ্জামান বলেন, গহিরা বাজার পার হওয়ার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাদের মাইক্রোবাসের সামনের ও পেছনের কাচ লাঠি দিয়ে আঘাত করে ভেঙে দেয়। এরপর গাড়ি লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। এতে গাড়িতে গুলি লাগে। রাজীবের পায়ে ছররা গুলি লাগে।
হামলার ঘটনায় কাউকে সন্দেহ করছেন কি না, তা জানতে চাইলে ক্যামেরাপারসন আসাদুজ্জামান বলেন, ‘আমরা জানি না কেন এই হামলা হলো।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনাস্থলের একটু দূরেই অন্তত ৫০ জনের মতো পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল। বিভিন্ন গণমাধ্যমের একাধিক গাড়ি প্রায় একই সময়ে ওই এলাকা পার হয়।
জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ বলেন, ‘এত সাংবাদিক নির্বিঘ্নে গেল, কারও গাড়িতে হামলা হলো না। মোহনার গাড়িতে হামলার ঘটনা ঘটল কীভাবে, এটি আমার মাথায় আসে না। আর ঘটনাস্থলে প্রচুর পুলিশ ছিল। তারা পুলিশকেও বিষয়টি জানায়নি। তারা বিষয়টি কেন জানায়নি বুঝলাম না।’
তবে গতকাল রাতে চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান বলেন, গাড়ি থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে রাজীবের পায়ে গুলির অস্তিত্ব পাওয়া যায়নি বলে চিকিৎসকেরা তাঁকে বলেছেন।
মোহনা টেলিভিশনের চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি মুরাদ মওলা বলেন, ‘পরীক্ষার পর ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসক ঋভুরাজ চক্রবর্তী আমাদের জানিয়েছেন, রাজীবের পায়ে গুলির অস্তিত্ব নেই।’