প্রশাসনের তৎপরতায় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের রাউজানে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। ওই শিশুর বিয়ের আয়োজন করায় তার বাবা এবং বর ও বরের বাবাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসন সূত্র জানায়, বেলা দুইটার দিকে ওই ছাত্রীর বাড়িতে অভিযান চালান রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসেন। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে বিয়ের আয়োজনের কথা তিনি জানতে পারেন। বেলা দুইটার দিকে বরপক্ষ বিয়েবাড়িতে হাজির হলে তাঁরা সেখানে অভিযান চালান। পরে বাল্যবিবাহ করতে চাওয়ার অপরাধে বর মো. ইকবালকে ১ মাসের, তাঁর বাবাকে ১৫ দিনের ও মেয়ের বাবাকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দেওয়ায় বরের এক আত্মীয়কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ফেনীতে বাল্যবিবাহ ঠেকাল প্রশাসন: ফেনীর সোনাগাজীতে গতকাল সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর বাল্যবিবাহ ঠেকিয়ে দিলেন ইউএনও।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই উপজেলার চর সাহাভিখারী গ্রামের সৌদিপ্রবাসী ইকবাল হোসেনের বিয়ের দিন ধার্য ছিল গতকাল। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ইউএনও মোহাম্মদ মিনহাজুর রহমান স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ওই বাড়িতে পাঠান।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, তিনি গতকাল সকালে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ ছাড়া ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে ওই ছাত্রীর বাবার কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।