রাউজানে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়ে শিশুবিশেষজ্ঞ সেজে বসেছিলেন জাহাঙ্গীর আলম। নামের পাশে এমবিবিএস লিখে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ার পথেরহাটে রোগী দেখে আসছিলেন। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত এই ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।
রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, জাহাঙ্গীর আলমের নামের পাশে এমবিবিএসের পাশাপাশি আরও কিছু ডিগ্রির নাম লেখা ছিল। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) যে নিবন্ধন নম্বর ব্যবহার করতেন, তা ছিল আরেক চিকিৎসকের। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় জাহাঙ্গীর আলম যে সনদ দেখিয়েছেন সেটিও ছিল জাল। কারাদণ্ড দেওয়ার পর জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও কূল প্রদীপ চাকমা জানান, জাহাঙ্গীর আলম স্বীকার করেছেন তিনি একটি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়ালেখা করেছেন। তিনি পড়ালেখা শেষ করেননি।