রাউজানে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবলীগের এক নেতাকে গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের মাওলানা দোস্ত মুহাম্মদ সড়কের নিরিয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

জখম হওয়া যুবলীগের ওই নেতার নাম হাসান মুরাদ ওরফে রাজু (৩৫)। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হাসান মুরাদ রাউজান সদর থেকে ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানের ব্যানার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে মোটরসাইকেলে হলদিয়ার আমিরহাট বাজারে ফিরছিলেন। নিরিয়ার টেক এলাকায় তিনটি মোটরসাইকেল করে আসা পাঁচ-ছয়জন অস্ত্রধারী যুবক হাসান মুরাদকে প্রথমে গুলি করেন কিন্তু লাগেনি, পরে ধারাল অস্ত্র ও কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন।

হামলার খবর পেয়ে হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিজের জিপগাড়িতে তুলে হাসান মুরাদকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত হাসান মুরাদ বলেন, ‘রাউজান সদর থেকে আসার পথে আমাকে প্রথমে গুলি করা হয়। কিন্তু ভাগ্যক্রমে গুলি বের না হওয়ায় তাঁরা আমাকে কিরিচ দিয়ে কোপাতে থাকে। হামলাকারীদের দুজনকে আমি চিনতে পেরেছি। একজন হচ্ছেন সুমন, আরেকজন জাহাঙ্গীর।’

ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘এই হামলার সঙ্গে জড়িত দুজনই ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী। এদের মধ্যে সুমন দুই-তিন মাস আগে ইয়াবাসহ ধরা পড়ে জেলে যায়। জেল থেকে এসে সে আবরও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।’

রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ প্রথম আলোকে বলেন, ‘হাসান মুরাদ হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তাঁর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মমিনুল হক প্রথম আলোকে বলেন, আহত হাসান মুরাদের পিঠে, হাতে ও পায়ে জখম হয়েছে। তাঁর শরীরে ১৫-১৬টি সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত।

রাউজান থানার উপপরিদর্শক নুরুন নবী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় রাউজান থানায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।