রাউজানে সাংবাদিক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের গহিরা বাজারে রাজীব সেন নামে মোহনা টেলিভিশনের এক সাংবাদিক ছররা গুলিতে বিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

রাজীবের সঙ্গে থাকা ক্যামেরাম্যান আসাদুজ্জামানের ভাষ্য, আজ রোববার বেলা ১১টার দিকে মানবতাবিরোধী অপরাধের ফাঁসির দণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন শেষ হওয়ার পর একটি মাইক্রোবাসে করে ফেরার সময় এ ঘটনা ঘটে। ওই সময় গাড়িটিতে তিনি ছাড়াও রাজীব ও ইটিভির দুই সাংবাদিক ছিলেন। এ ঘটনার পর রাজীবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসাদুজ্জামান আরও বলেন, ‘গহিরা বাজার পার হওয়ার সঙ্গে চলন্ত মাইক্রোবাসটির সামনের এবং পেছনের কাচ গাছ দিয়ে বাড়ি দিয়ে ভেঙে দেয়। এর পর গাড়ি লক্ষ্য করে ছররা গুলি ছোড়া হয়। এতে পেটে গুলিবিদ্ধ হন রাজীব।’

তাঁদের গাড়ির আগে-পরে সাংবাদিকবাহী আরও গাড়ি ওইস্থান দিয়ে চট্টগ্রাম শহরে আসে। কেবল মোহনার গাড়িতে কেন হামলা হলো জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘আমরা জানি না কেন এই হামলা হলো।’

ঘটনাস্থলের একটু দূরেই অন্তত ৫০ জনের মতো পুলিশ ছিল। কিন্তু এই ঘটনার ব্যাপারে পুলিশ কিছু জানেন না। আক্রান্ত সাংবাদিকেরাও পুলিশকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করেননি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ প্রথম আলোকে বলেন, ‘এত সাংবাদিক নির্বিঘ্নে গেল কারও গাড়িতে হামলা হলো না। মোহনার গাড়িতে হামলার ঘটনা ঘটল কীভাবে এটি আমার মাথায় আসে না। আর ঘটনাস্থলে প্রচুর পুলিশ ছিল। তারা পুলিশকেও বিষয়টি জানায়নি। এ ছাড়া ঘটনাস্থল থেকে ফেরার পথে সর্তার ঘাট এলাকায়ও আমাদের পুলিশ ছিল। তারা বিষয়টি কেন জানায়নি বুঝলাম না।’