রাকিব হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৪
নীলফামারীর সৈয়দপুর উপজেলার অটোরিকশাচালক রাকিব হত্যায় জড়িত সন্দেহে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে সৈয়দপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তরপাড়া গ্রামের মারুফ হোসেন (২৭) ও মতিন (২৪) এবং রণচণ্ডী গ্রামের শাহীন (২২) ও মোত্তালেব হোসেন (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, ডোমার উপজেলার বোড়াগাড়ী সেতুর কাছ থেকে গলাকাটা অবস্থায় সৈয়দপুরের সবজিবাজার গ্রামের পারভেজ খানের ছেলে অটোরিকশাচালক রাকিব হোসেনের (১৮) লাশ উদ্ধার করে ডোমার থানা-পুলিশ। এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, সোমবার ভোরে সৈয়দপুর থানা-পুলিশের সহায়তায় ডোমার থানার পুলিশ ওই চার যুবককে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করে। এই সময় তাঁদের কাছ থেকে একটি ধারালো ছুরি, রশি ও অজ্ঞান করার মলম উদ্ধার করা হয়। তাঁদের রাকিব হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।