রাখাইনদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য অধিগ্রহণ করা রাখাইনদের জমির মালিকানা দাবি করে স্থানীয় কয়েকজন ব্যক্তি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ বরাদ্দের টাকা আত্মসাতের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার রাখাইন সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। পরে রাখাইন সম্প্রদায়ের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দেন।
সংবাদ সম্মেলনে পটুয়াখালী রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য মং চো বলেন, পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য উপজেলার ধানখালী ইউনিয়নে মধুপাড়া ও নিশানবাড়িয়া মৌজায় ১ হাজার ২ একর জমি অধিগ্রহণ করা হয়। ওই জমির মধ্যে রাখাইন সম্প্রদায়ের ২৭৫টি পরিবারের ৩৫০ একর জমি আছে। ওই জমির মালিকানা রেকর্ডে দরখাস্তকারীদের দাদা-দাদি, মা-বাবা ও নিজেদের নাম-ঠিকানা দেওয়া হয়েছে। তাই নামের রেকর্ড অনুযায়ী রাখাইন সম্প্রদায়ের ভূমিমালিকেরা সরকারের নোটিশও পেয়েছেন।
এদিকে অধিগ্রহণ করা জমির মালিকানার নোটিশ পাওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই সব জমির মালিকানা দাবি করে ভয়ভীতি দেখাচ্ছেন। তাঁরা ভুয়া কাগজপত্র তৈরির চেষ্টা করছেন।
জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, রাখাইন সম্প্রদায়ের লোকজন একটি অভিযোগ দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যাচাই করেই অধিগ্রহণ করা জমির প্রকৃত মালিকদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে।