রাখাইনদের মঠ গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ছ-আনিপাড়ার রাখাইনপল্লির শ্মশানের মঠ গত রোববার রাতের আঁধারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ওই পল্লির বাসিন্দাদের অভিযোগ, জমি দখলের উদ্দেশ্যে একটি চক্র শত বছরের এই মঠ ভেঙেছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, শ্মশানের বাঁধানো ইটগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়েছে। এর পাশের প্রাচীন বটগাছের ডালপালা কেটে ফেলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ছ-আনীপাড়ার বাসিন্দা চিং দামো রাখাইন প্রথম আলোকে বলেন, শত বছর আগের সমাধিস্থলটি পাড়ার তৎকালীন মাদবর ফাথাউ-এর। এখানে অর্ধশত রাখাইনকে সমাধিস্থ করা হয়েছে। এর সঙ্গে ছ-আনিপাড়ার রাখাইনদের আবেগ, ধর্মীয় অনুভূতি জড়িয়ে আছে। তিনি আরও বলেন, এ সমাধিস্থলের পাশেই পায়রা সমুদ্রবন্দর প্রকল্প এলাকা। এ কারণে মঠের জমি দখল করতে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে তৎপরতা চালিয়ে আসছে। রাতের আঁধারে মঠ ভেঙে ফেলা ওই চক্রের জমি দখলের প্রথম কাজ। এরপর হয়তো চক্রটি কোনো একসময় পুরো জমিই দখল করে ফেলবে। এ ব্যাপারে শিগগিরই পল্লির পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।
পটুয়াখালী কেন্দ্রীয় বৌদ্ধবিহারের সভাপতি লুফ্রু বলেন, রাখাইনদের অস্তিত্ব বিলীন করতে তাঁদের ধর্মীয় অনুভূতিতে এমনভাবে আঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি