রাগীব আলী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাগীব আলীর জামিন আবেদন নামঞ্জুর হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। ছবি: আনিস মাহমুদ
রাগীব আলীর জামিন আবেদন নামঞ্জুর হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। ছবি: আনিস মাহমুদ

ভারতের করিমগঞ্জে আটক রাগীব আলীকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তরের পর তাঁকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, রাগীব আলী অসুস্থ উল্লেখ করে তাঁর পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেছিলেন। শুনানি শেষে মহানগর মুখ্য বিচারিক হাকিমের দায়িত্বে থাকা সিলেটের অতিরিক্ত বিচারিক হাকিম বেগম উম্মে সরাবন তহুরা আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রাগীব আলীকে কড়া পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।
পিপি জানান, আগামী ৪ ডিসেম্বর রাগীব আলীকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক। ওই দিন মহানগর হাকিম আদালতে তাঁর বিরুদ্ধে একটি মামলার পুনরায় সাক্ষ্য গ্রহণ ও অপর একটি মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য রয়েছে।
গত ১০ আগস্ট তারাপুর চা-বাগান দখল ও জালিয়াতির পৃথক দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ওই দিন সন্ধ্যায় রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাই পালিয়ে ভারতে চলে যান। আজ বৃহস্পতিবার ভারতে আটক হন রাগীব আলী। বেলা পৌনে তিনটার দিকে ভারতীয় পুলিশ তাঁকে সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।
এর আগে ১২ নভেম্বর দেশে ফেরার সময় সিলেটের জকিগঞ্জ পুলিশ তাঁর ছেলে আবদুল হাইকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: