
দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ভারতে পালানো সিলেটের শিল্পপতি রাগীব আলী গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের আসামের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।
বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করার পর রাগীব আলীকে দুটি মামলার পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। এ দুটি মামলায় এর আগে গ্রেপ্তার হন রাগীব আলীর ছেলে আবদুল হাই।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা প্রথম আলোকে বলেন, রাগীব আলীকে করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশ আটক করে বাংলাদেশ পুলিশকে জানায়। পরে হস্তান্তর করা হলে সিলেট মহানগর হাকিম আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিলে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়।
সিলেটের সরকারি কৌঁসুলি মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, রাগীব আলীকে মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে সন্ধ্যায় হাজির করা হলে তাঁর আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালতের ভারপ্রাপ্ত বিচারকের দায়িত্বে থাকা অতিরিক্ত বিচারিক হাকিম বেগম উম্মে সরাবন তহুরা জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাতে রাগীব আলীকে কারাগারে পাঠানো হয়।
রাগীব আলীর হস্তান্তর প্রক্রিয়া প্রসঙ্গে সিলেটের বিয়ানীবাজার থানার পুলিশ জানায়, বিজিবি সদস্যদের সঙ্গে বিএসএফের সংক্ষিপ্ত পতাকা বৈঠক শেষে বেলা ২টা ৪০ মিনিটে রাগীব আলীকে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর কাছে হস্তান্তর করা হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ভারতীয় সময় বেলা পৌনে ১১টার দিকে রাগীব আলী করিমগঞ্জ ইমিগ্রেশনে গেলে সেখানকার কর্মীরা তাঁর ভিসার মেয়াদ নেই জানিয়ে প্রথমে তাঁকে আটকে রাখেন। জকিগঞ্জ ইমিগ্রেশনের মাধ্যমে ভারতীয় পুলিশ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং করিমগঞ্জে আত্মগোপন করে থাকার বিষয়টি জানতে পারে। তখন তাঁকে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আটক করা হয়। যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় তাঁকে করিমগঞ্জ-জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠাতে পারেনি ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাগীব আলীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁর ঠিকানা সিলেটের বিশ্বনাথ হওয়ায় বিয়ানীবাজার থানা-পুলিশ পরে বিশ্বনাথ থানা-পুলিশে হস্তান্তর করে। বিকেল পৌনে পাঁচটার দিকে কড়া পুলিশি পাহারায় রাগীব আলীকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
গত ১০ আগস্ট রাগীব আলীর সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া তাঁর ছেলে আবদুল হাই ১২ নভেম্বর জকিগঞ্জ ইমিগ্রেশন হয়ে দেশে ফেরার সময় পুলিশের হাতে ধরা পড়েন। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেটে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগানের জায়গায় বিধিবহির্ভূতভাবে স্থাপনা নির্মাণ করায় দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সুপারিশ করে সংশ্লিষ্ট সংসদীয় উপকমিটি। এর পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সিলেট সদর ভূমি কমিশনার এস এম আবদুল কাদের বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা করেন। পরে এ মামলা উচ্চ আদালত থেকে স্থগিত করা হয় এবং পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়। তবে ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারে রায় দেন। এতে ওই দুই মামলা সক্রিয় করার নির্দেশনাও দেওয়া হয়। এর ধারাবাহিকতায় সিলেটের মুখ্য মহানগর হাকিম তদন্তের নির্দেশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুনঃতদন্ত করে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে চাঞ্চল্যকর দুই মামলার বিচার-প্রক্রিয়া শুরু হয়। ১০ আগস্ট আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওই দিন সন্ধ্যায়ই রাগীব আলী ও আবদুল হাই ভারতে পালিয়ে যান।
মামলার অপর চার আসামির মধ্যে রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির ও জামাতা আবদুল কাদির পলাতক রয়েছেন। ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে দেবোত্তর সম্পত্তির সেবায়েত সাজা রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ গত ১০ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন। তিনি বর্তমানে কারাবন্দী। অভিযুক্ত অপর আসামি দেবোত্তর সম্পত্তির সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত জামিনে রয়েছেন।