রাগীব আলীর ছেলে আবদুল হাই কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার রাগীব আলীর ছেলে আবদুল হাই। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার রাগীব আলীর ছেলে আবদুল হাই। ছবি: সংগৃহীত

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ভারতে পালানোর তিন মাস পর দেশে ফিরে গ্রেপ্তার হওয়া সিলেটের শিল্পপতি রাগীব আলীর ছেলে আবদুল হাইয়ের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার রাতে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় আবদুল হাইকে আদালতে হাজির করা হয়। রাতে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করার পর শুনানি হয়। শুনানি শেষে সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো জামিন নামঞ্জুর করেন। এরপর আদালত থেকে তাঁকে কারাগারে পাঠানো হয়। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরের দিকে সিলেটের জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ আবদুল হাইকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সঙ্গে তিন বছর বয়সী ছেলে ও ভারতীয় নাগরিক স্ত্রী সাদিকা জান্নাত চৌধুরী ছিলেন। স্ত্রী-সন্তানকে ছেড়ে দিয়ে পুলিশ আবদুল হাইকে গ্রেপ্তার দেখায়। পরে রাগীব আলীর পৈতৃক ঠিকানা অনুযায়ী বিশ্বনাথ থানায় তাঁকে সোপর্দ করা হয়। এরপর সন্ধ্যায় তাঁকে আদালতে হাজির করা হয়।
গত ১০ আগস্ট তারাপুর চা-বাগান দখল ও জালিয়াতির পৃথক দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ওই দিন সন্ধ্যায় আবদুল হাই ও তাঁর বাবা রাগীব আলী জকিগঞ্জ ইমিগ্রেশন হয়ে পালিয়ে ভারত চলে যান। তিন মাস পর আবদুল হাই ফিরলেও রাগীব আলী এখনো সেখানে রয়েছেন বলে ছেলের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে।
দুটি মামলাতেই রাগীব আলীর সঙ্গে ছেলে আবদুল হাই অভিযুক্ত। দুই মামলার একটির সাক্ষ্যগ্রহণ চলছে। ১৭ নভেম্বর অপর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান পুনরুদ্ধারে রায় দেন। এতে ওই দুটি মামলা সক্রিয় করার নির্দেশনাও দেওয়া হয়। ১৬ মার্চ সরকারি কৌঁসুলির আবেদনের পরিপ্রেক্ষিতে সিলেটের মুখ্য মহানগর হাকিম তদন্তের নির্দেশ দেন। ১০ জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
অভিযোগপত্রে ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলায় রাগীব আলী, ছেলে আবদুল হাই, মেয়েজামাই আবদুল কাদির (৫৫), মেয়ে রুজিনা কাদির (৪৮) মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়।