রাঙামাটিতে আটক ১৩ জন অস্ত্র উদ্ধার
রাঙামাটি শহরের বনরূপা এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে অস্ত্রসহ দুজনকে এবং বাকি ১১ জনকে জুয়া খেলা ও মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শহরের বনরূপার কাটাপাহাড় এলাকার একটি ক্লাবে গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি সেনা রিজিয়নের মেজর তসলিম মো. তারেকের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল যায়। সেখানে ‘এগত্তর’ নামের একটি ক্লাবে অভিযান চালিয়ে শহরের পাথরঘাটা এলাকার প্রিয়তম দেওয়ান ও গর্জনতলী এলাকার লিটন মারমাকে পিস্তল ও চারটি তাজা গুলিসহ আটক করে। একই ক্লাব থেকে জুয়া খেলা ও মদ পান করার সময় ১১ ব্যক্তিকে আটক করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রঞ্জন সামন্ত ঘটনার সত্যতা নিশ্চিতকরে জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে এবং বাকি ১১ জনের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।