রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরংঘাট মুসলিমপাড়ার পাশ থেকে গতকাল সোমবার স্কুলছাত্রী আতুমা মারমার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আতুমা মারমা চিৎমরং উচ্চবিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষা দিয়েছে।
কাপ্তাই সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাফিউর সরওয়ার জানান, কাপ্তাই-চট্টগ্রাম সড়ক থেকে ২০০-২৫০ গজ দূরে চিৎমরংঘাট মুসলিমপাড়ার পাশ থেকে গতকাল বেলা সোয়া দুইটার দিকে আতুমা মারমার লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, আতুমাকে বেলা একটার দিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সে ধর্ষণের শিকার হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাপ্তাই থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, আতুমা মারমা দুপুরে চিৎমরংঘাটের পাশের নিজ বাড়ি থেকে জুমখেতে যাচ্ছিল। এ সময় তাকে হত্যা করা হয়।
বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের (বিএমএসসি) রাঙামাটি জেলা সভাপতি সানুমং মারমা স্থানীয় মারমা ছাত্রদের উদ্ধৃতি দিয়ে বলেন, আতুমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য আতুমার লাশ সন্ধ্যায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে।