রাঙামাটিতে ইউপিডিএফ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
rangamati
rangamati

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী অনাদি রঞ্জন চাকমা প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন। তিনি গ্রাম কমিটির সভাপতি ছিলেন। আজ সকালে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনার জন্য ইউপিডিএফ সম্প্রতি গঠিত সংগঠন ইউপিডিএফ-গণতান্ত্রিককে দায়ী করেছে। তবে সংগঠনটি তা অস্বীকার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০টায় নানিয়ারচর ইউনিয়নে তোজেংমা দোসর পাড়ায় অনাদি রঞ্জন চাকমা (৫০) পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করছিলেন। এ সময় পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী এসে বাড়িটি ঘিরে ফেলে। পরে বাড়ির ভেতরে গিয়ে অস্ত্রের মুখে উঠানে নিয়ে আসা হয়। সেখানে গুলি করে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর অস্ত্রধারী চলে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী অনাদি চাকমার লাশ উদ্ধার করে। ঘটনার পর উত্তেজিত স্থানীয় লোকজন ও ইউপিডিএফ কর্মীরা রাঙামাটি-খাগড়াছড়ি-মহালছড়ি সড়কে বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। পরে বেলা তিনটার দিকে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়ে।

ইউপিডিএফের রাঙামাটি জেলা সংগঠক শান্তি দেব চাকমা প্রথম আলোকে বলেন, ‘নবগঠিত মুখোশ বাহিনীর অস্ত্রধারীরা অনাদি রঞ্জন চাকমাকে হত্যা করেছে। তিনি আমাদের কর্মী ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। অনাদি মুখোশ বাহিনীর অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করতেন। সে জন্য তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে।’
ঘটনা অস্বীকার করে ইউপিডিএফ গণতান্ত্রিকের আহ্বায়ক কমিটির সদস্য (মিডিয়া দায়িত্বে থাকা) মিটন চাকমা প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফ-গণতান্ত্রিক জড়িত নয়। যাঁকে হত্যা করা হয়েছে, তিনি দল ত্যাগ করে চলে আসতে চেয়েছেন। খবর পেয়ে তাঁদের দলের লোকজন এসে গুলি করে হত্যা করেছে।
পার্বত্য চুক্তির বিরোধী ইউপিডিএফের কিছু সমর্থক সম্প্রতি ইউপিডিএফ-গণতান্ত্রিক গঠন করে। যদিও ইউপিডিএফ দাবি করে, যারা নতুন দল গঠন করেছে, তাদের অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, অনাদি রঞ্জন চাকমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানে হয়েছে। এ বিষয়ে এখনো কেউ মামলা করতে আসেনি। কেউ যদি মামলা করতে না আসে তবে পুলিশ বাদী হয়ে মামলা করবে।