রাঙামাটিতে এক ছাত্রকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর বাড়ি রাঙামাটির কাপ্তাই উপজেলায়।
পুলিশের ভাষ্য, গত মঙ্গলবার সকালে পবিত্র কোরআন শিরফ ও ইসলাম ধর্মের প্রতি অবমাননাকর দুটি ছবি তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে কাপ্তাইয়ে সমাবেশ করে তাকে গ্রেপ্তারের দাবি জানায়। একপর্যায়ে বিক্ষুব্ধ কয়েক শ মানুষ কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
খবর পেয়ে রাঙামাটি থেকে জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তফা কামাল ও পুলিশ সুপার (এসপি) আমেনা বেগম কাপ্তাই গিয়ে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ১০টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) আইনে রাঙামাটি থানায় মামলা করে।