গণপূর্ত বিভাগের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সুকোমল চাকমাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানায়, গত মঙ্গলবার ঢাকার বনানী থানায় সুকোমল চাকমার বিরুদ্ধে মামলা করে দুদক। একই দিন রাত সাড়ে নয়টার দিকে রাঙামাটি শহরের তবলছড়ির মাঝেরবস্তি এলাকার টেক্সটাইল মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সুকোমল চাকমাকে রাঙামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাবরিনা আলীর আদালতে হাজির করা হয়। এ সময় সুকোমল চাকমার আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে সুকোমল চাকমাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের রাঙামাটির পরিদর্শক মো. নিজাম উদ্দিন বলেন, সুকোমল চাকমা ২০১৪ সালে রাজউকের গুলশান সার্কেলে কর্মরত অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে বহুতল ভবনের নকশা অনুমোদন করেন। এ ঘটনায় দুদক গত মঙ্গলবার বনানী থানায় মামলা করে। তিনি জানান, মামলার প্রধান আসামি মো. মিজানুর রহমানকেও মঙ্গলবার ঢাকায় গ্রেপ্তার করা হয়।
আসামিপক্ষের আইনজীবী প্রতিম রায় বলেন, সুকোমল চাকমার বিরুদ্ধে করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, সুকোমল চাকমার ক্ষেত্রে সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে গ্রেপ্তারের নিয়ম মানা হয়নি।
তবে দুদকের পরিদর্শক নিজাম উদ্দিন বলেন, দুদকের মামলায় আসামি গ্রেপ্তারে কারও অনুমতি নিতে হয় না। মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা যায়।