রাঙামাটিতে গুলিতে শিশুসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের গুলিতে রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় এক শিশুসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাবেক একজন সদস্য নিহত হয়েছেন। তবে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাঙামাটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লেমুছড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন আশুতোষ তালুকদার (৫৫) ও অরণ্য চাকমা (১০)।
জনসংহতি সমিতির নেতারা জানান, আশুতোষ তালুকদারের বাড়ি রাঙামাটি শহরের আনন্দ বিহার এলাকায়। তিনি জনসংহতি সমিতির সাবেক সশস্ত্র শাখা ‘শান্তি বাহিনী’র সদস্য ছিলেন। ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সইয়ের পর শান্তি বাহিনীর অন্য সদস্যদের সঙ্গে আশুতোষও সরকারের কাছে অস্ত্র জমা দেন। পার্বত্য চুক্তি-পরবর্তী সময়ে শান্তি বাহিনী স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায়।
জনসংহতি সমিতি সূত্রে জানা গেছে, আশুতোষ প্রায়ই লেমুছড়ির মলয় চাকমা নামের এক ব্যক্তির বাড়িতে রাত যাপন করতেন। শনিবার রাতেও সেখানে অবস্থান করছিলেন তিনি। শনিবার রাত সাড়ে ১২টার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকে খুব কাছে থেকে আশুতোষকে গুলি করে। এ সময় তাঁর পাশে থাকা শিশু অরণ্য চাকমাও গুলিবিদ্ধ হয়। দুজনেই ঘটনাস্থলে মারা যান। অরণ্য ওই বাড়িতে বেড়াতে এসেছিল।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আবদুর রশীদ জানান, গুলিতে দুজন নিহত হওয়ার খবর শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ পায়নি। প্রচণ্ড বৃষ্টির মধ্যে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দুর্গম লেমুছড়ি এলাকায় তল্লাশি চালিয়েও লাশ উদ্ধার করতে পারেননি। হত্যাকাণ্ড কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা বের করার চেষ্টা চলছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা দাবি করেন, পার্বত্য চুক্তির পর আশুতোষ তালুকদারসহ সরকারের কাছে অস্ত্র জমাদানকারী জনসংহতি সমিতির ৯৪ জন সদস্য চুক্তিবিরোধী অথবা সশস্ত্র দুর্বৃত্তের হামলায় মারা যান।