রাঙামাটিতে চার পরিবারকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভার মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ও ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিউল আলমের বিরুদ্ধে উচ্ছেদ চেষ্টার অভিযোগ করেছে রাঙামাটি পৌরসভা কার্যালয়ের পাশে বসবাসকারী চারটি দরিদ্র পরিবার। গতকাল সোমবার রাঙামাটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

অভিযোগকারী পরিবারগুলোর পক্ষ থেকে ইসমাইল চৌধুরী লিখিত বক্তব্য পড়ে শোনান। বক্তব্যে অভিযোগ করা হয়, পৌরসভার সীমানাদেয়ালের বাইরে দক্ষিণ পাশে ১৬ বছর ধরে নয়টি পরিবার বসবাস করে আসছে। সম্প্রতি মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ও সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবিউল আলম পরিবারগুলোকে জায়গা ছেড়ে চলে যেতে মৌখিকভাবে নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে ওই চার পরিবারের পক্ষ থেকে বলা হয়, পৌর মেয়র যে স্থানে যেতে বলছেন, সেটা বসবাসের অযোগ্য। তাই তাঁরা সেখানে যেতে চান না।

মেয়র সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ১৯৯৮-৯৯ সালের দিকে পৌরসভা ভবন ও মিলনায়তন সম্প্রসারণের একটি প্রকল্প গ্রহণের সময় সরকারি জায়গায় বসবাসকারী নয়টি পরিবারকে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী বসতভিটা নির্মাণের জন্য পরিবারগুলোকে ৩৯ দশমিক ৫০ শতাংশ জায়গা কিনে দেওয়া হয়েছে। প্রতি পরিবারকে মাটি কাটার জন্য ১০ হাজার টাকা ও পুরোনো বাড়ি ভাঙার জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। আসবাবপত্র সরিয়ে নেওয়ার জন্য জ্বালানিসহ পৌরসভার ট্রাক ব্যবহারও করতে দেওয়া হবে। এ ছাড়া যদি আগামী তিন মাস ভাড়া বাসায় থাকতে হয়, তাহলে পরিবারগুলোকে প্রতি মাসে দুই হাজার করে টাকা দেওয়া হবে।

মেয়র সাইফুল জানান, ইতিমধ্যে পাঁচটি পরিবার নির্ধারিত স্থানে চলে গেছে।