রাঙামাটিতে ছাত্রলীগের আসামি ছিনতাই!
রাঙামাটিতে ছাত্রলীগের নেতারা পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে অবশ্য আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র এ কথা জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, রাঙামাটি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিনের মোটরসাইকেল চুরির সন্দেহভাজন আসামি কলিম, এরশাদ ও আসিফকে বৃহস্পতিবার রাতে রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকা থেকে আটক করে পুলিশ। তাঁদের কোতোয়ালি থানায় নেওয়ার পথে জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জাব্বার সুজন ও রাঙামাটি কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহামুদ বাপ্পা একটি গাড়ি নিয়ে আসামিদের বহনকারী পুলিশ ভ্যানকে ধাওয়া করেন। রাত নয়টার দিকে পুরাতন বাস স্টেশন এলাকায় গাড়িটি পুলিশ ভ্যানের গতিরোধ করে। এ সময় ছাত্রলীগের নেতারা মুঠোফোনে ছাত্রলীগের আরও কয়েকজন কর্মীকে সেখানে ডেকে নিয়ে আসেন। তখন ছাত্রলীগের নেতা-কর্মীরা আসামিদের ছেড়ে দিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে আসামিদের ভ্যান থেকে নামিয়ে ফেলা হয়।
ভ্যানে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিতোষ বড়ুয়া বলেন, ওই সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং আসামি তিনজনকে ছিনিয়ে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশীদ ঘটনাস্থলে যান। পুলিশের কর্মকর্তারা আসামিদের তাঁদের কাছে হস্তান্তর করার অনুরোধ জানালে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে আসামিদের ফেলে চলে যায়। পরে ঘটনা জানাজানি হলে আওয়ামী লীগের নেতাদের তৎপরতায় রাত ১২টার দিকে আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, ‘এটিকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা বলা যাবে না। কারণ পুলিশের সঙ্গে কোনো ধরনের ধস্তাধস্তি হয়নি। আসামি ছিনিয়ে নিলে পুলিশের গুলি করতে হতো।’ তিনি বলেন, রাতে আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে আসিফের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুই আসামি কলিম ও এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে।
মুঠোফোন বন্ধ থাকায় জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জাব্বার ও কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহামুদ বাপ্পার সঙ্গে এ ব্যাপারে কথা বলা সম্ভব হয়নি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। কেউ আটক হলে তিনি নিরপরাধ কি না, তা পরে দেখা যেত। বিষয়টি আলোচনার মাধ্যমেও সমাধান করা যায়। পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়া অন্যায় হয়েছে।’