রাঙামাটিতে দুই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যা আদাম ইউনিয়নের চাইল্যাতলী এলাকা থেকে গতকাল মঙ্গলবার সপ্তম শ্রেণির দুই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার ও পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।
ময়না আক্তার ও নূর বানু নামের ওই দুই ছাত্রী চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়না আক্তার ও নূর বানু গতকাল বেলা দেড়টার দিকে মধ্যাহ্ন বিরতির সময় বিদ্যালয় থেকে প্রায় আধা কিলোমিটার দূরের বাড়িতে যায়। পরে তারা বইপত্র রেখে বাড়ি থেকে বের হয়ে যায়। এর প্রায় আধা ঘণ্টা পর বাড়ি থেকে ২০-২৫ গজ দূরের একটি আমগাছে দুজনকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
ময়না আক্তারের বাবা হযরত আলী বলেন, ‘আমার ছোট ছেলে মো. মাসুদ (১০) প্রথম আমগাছে ঝুলন্ত অবস্থায় তাদের দেখে অন্যদের জানায়। তখন আমি কাজে বাড়ির বাইরে ছিলাম।’
চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুল ইসলাম বলেন, ময়না আক্তার ও নূর বানু একসঙ্গে বিদ্যালয়ে আসত। তারা সব সময় একসঙ্গে থাকত।
লংগদু থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আহমদ বলেন, গলায় দাগ ছাড়া ওই দুই ছাত্রীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।