রাঙামাটিতে দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
ভুয়া আর্থিক সচ্ছলতার সনদ দেওয়ার অভিযোগে রাঙামাটির রূপালী ব্যাংকের তবলছড়ি শাখার ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে রূপালী ব্যাংকের তবলছড়ি শাখা থেকে ব্যবস্থাপক রুমা বড়ুয়াকে গ্রেপ্তার করে দুদক। এর আগে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাইশা ট্রেডার্সের মালিক মো. মুজিবুর রহমান ও রুমা বড়ুয়ার বিরুদ্ধে রাঙামাটির কোতোয়ালি থানায় মামলা করা হয়।
দুদকের রাঙামাটি কার্যালয়ের উপপরিচালক মো. শফিকুর রহমান ভূঁইয়া বলেন, রাঙামাটি শহরের আসামবস্তীর নারিকেল বাজার এলাকায় একটি কলেজভবন নির্মাণকাজে দরপত্র দাখিলের জন্য মেসার্স মাইশা ট্রেডার্সের মালিক মো. মুজিবুর রহমান রূপালী ব্যাংকের তবলছড়ি শাখা থেকে আর্থিক সচ্ছলতার সনদ নেন। অনুসন্ধানে জানা যায়, সনদে মুজিবুর রহমানের ব্যাংক হিসাবে ৪১ লাখ ২০ হাজার টাকা দেখানো হয়। অথচ ওই হিসাবে ওই পরিমাণ টাকা ছিল না। মুজিবুর রহমান পলাতক।
কোতোয়ালি থানার ওসি মো. রশীদ বলেন, রুমা বড়ুয়াকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।